,

রামিসা হত্যা মামলার রায়ের দিন আজই নির্ধারণ হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজই রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য একটি দিন নির্ধারণ করতে পারেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হবে। রাষ্ট্রপক্ষের ধারণা, আগামী সপ্তাহের শুরুতেই মামলার রায় ঘোষণা করা হতে পারে।

বুধবার আত্মপক্ষ সমর্থনের সময় প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি তার স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেন।

তবে বিচারক স্বপ্না আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মনে করছেন, আসামিদের এমন বক্তব্য বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত বা বিলম্বিত করার একটি কৌশল হতে পারে।

অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানান, নিজেদের পক্ষে নতুন কোনো সাফাই সাক্ষী আদালতে উপস্থাপন করবেন না তারা।

আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা বাসার গ্রিল কেটে পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। একই দিনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। আলোচিত এ ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায়, ২৪ মে মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।