বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত ইস্যুতে নেপালে নতুন বিতর্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ নিয়ে মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার বক্তব্যকে ঘিরে শুধু ভারত-নেপাল সম্পর্কেই নতুন আলোচনা শুরু হয়নি, বরং নিজ দেশেও তিনি রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের দাবিও তুলেছে।

গত রোববার ফেডারেল পার্লামেন্টে দেওয়া প্রথম আনুষ্ঠানিক ভাষণে বালেন্দ্র শাহ বলেন, সীমান্ত বিরোধের ক্ষেত্রে শুধু ভারত নয়, নেপালও কিছু এলাকায় ভারতের ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তার এই মন্তব্য প্রকাশের পর দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্তসংক্রান্ত মতপার্থক্য নিরসনের জন্য নির্ধারিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে এবং সেসব ব্যবস্থার মাধ্যমেই বিষয়গুলো সমাধান করা সম্ভব। বিশেষ করে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখনও অমীমাংসিত।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নেপালের বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন ক্ষোভ প্রকাশ করে। রাজধানী কাঠমান্ডুর মাইতিঘর মন্ডলায় অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে বক্তব্যটি সরকারি নথি থেকে প্রত্যাহারের আহ্বানও জানানো হয়। পরে বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

পার্লামেন্টে দেওয়া ভাষণে বালেন্দ্র শাহ দাবি করেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এমন কিছু তথ্য জানতে পেরেছেন যা সীমান্ত ইস্যুকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তার মতে, সীমান্ত নিয়ে প্রচলিত ধারণার বাইরে আরও কিছু বাস্তবতা রয়েছে, যা পর্যালোচনার দাবি রাখে।

তিনি আরও জানান, সীমান্তসংক্রান্ত ঐতিহাসিক তথ্য ও নথিপত্র খুঁজে বের করতে নেপালের আইনপ্রণেতারা চীন ও যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন। গবেষকদের মতে, নেপাল মূলত ঔপনিবেশিক আমলের জরিপ মানচিত্র সংগ্রহে আগ্রহী, যাতে সীমান্তের ইতিহাস ও অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

ভারত ও নেপালের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। এর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা—লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি—দুই দেশের বিরোধের কেন্দ্রবিন্দু। এই বিরোধের শেকড় ১৮১৬ সালের সুগৌলি চুক্তিতে, যেখানে কালী নদীকে সীমান্ত নির্ধারণের ভিত্তি ধরা হলেও নদীর প্রকৃত উৎস স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

নেপালের দাবি, কালী নদীর উৎপত্তিস্থল লিম্পিয়াধুরা এলাকায়। অন্যদিকে ভারতের মতে, নদীটির উৎস লিপুলেখ অঞ্চলে। এই ভিন্ন ব্যাখ্যার কারণেই সংশ্লিষ্ট এলাকাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ অব্যাহত রয়েছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকে বিতর্কিত অঞ্চলে ভারতীয় সেনা উপস্থিত রয়েছে।

এর আগে নেপাল প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত একটি সরাসরি করিডর তৈরির সুযোগ পেলে তারা ভারতের কাছে নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড হস্তান্তরের বিষয় বিবেচনা করতে পারে। যদিও সেই প্রস্তাব বাস্তবায়নের দিকে অগ্রসর হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারত নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে কালাপানিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখায়। এর প্রতিক্রিয়ায় নেপালও নিজেদের সংশোধিত মানচিত্রে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নেপালের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই সীমান্ত ইস্যুটি দুই দেশের সম্পর্কে অন্যতম সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে।