শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে ও মোংলা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রচলিত আইন ও বিধান মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হবে এবং প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী বাবা-মায়ের ভরণপোষণের দায় সন্তানদের ওপর রয়েছে এবং সেই দায়িত্ব লঙ্ঘিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এর আগে ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৯৯৯-এর ফোনের ভিত্তিতে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন একা বসবাস ও অবহেলার অভিযোগে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

নূরজাহান বেগমের চার সন্তানের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন বিদেশে বসবাস করেন এবং একজন স্কুলশিক্ষিকা। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।