বিজয়নগরের কাজী শফিকুল ইসলাম ডিগ্রী মহাবিদ্যালয় সরকারিকরণ না করতে আবেদন!
আমীরজাদা চৌধুরি : সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের (সরকারিকরণ) সরকারি ঘোষণার পর চলছে একরকম প্রতিযোগিতা। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্টরা শুরু করেছেন দৌঁড়ঝাঁপ ও চালাচ্ছেন জোর তদবির। কিন্তু ব্যতিক্রম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রী মহাবিদ্যালয়ের বেলায়। বিজয়নগরের ‘নামকরা’ ওই কলেজটিকে সরকারিকরণ না করার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে!
বিভিন্ন দপ্তরে পাঠানো কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও অধ্যক্ষের আবেদনে বলা হয়, ‘এলাকার জনগণ ও ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার সুষ্ঠু পরিবেশের স্বার্থে কলেজ পরিচালনা পর্ষদের গত ২২ ফেব্রুয়ারির সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কলেজটির সার্বিক শিক্ষার পরিবেশ ও গুণগত মান বজায় রাখার স্বার্থে তথা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শতভাগ কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করণের জন্য কলেজটিকে জাতীয়করণ না করার জন্য আপনার সুমর্জি কামনা করছি’। সরকারিকরণ হলে কলেজের তথা এলাকার পরিবেশ বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে একই রকম লেখার আবেদনে উল্লেখ করা হয়। ওই এলাকার মানুষ কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে আগ্রহী নয় বলেও আবেদনে বলা হয়।
বিষয়টিকে হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন কলেজে কর্মরত শিক্ষকরা। তবে এ বিষয়ে তাঁরা মুখ খুলতে চাইছেন না। কেননা, জাতীয়করণের দাবিতে হওয়া মানববন্ধনে অংশ নেওয়া একাধিক শিক্ষককে ‘খোঁড়া অজুহাতে’ বহিস্কার করায় সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীও সরকারিকরণ না করার আবেদনের কথা জেনে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঞা বলেন, ‘আমার দৃষ্টিতে সব দিক থেকেই শফিকুল ইসলাম কলেজ বিজয়নগরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এটি সরকারিকরণ হলে কর্তৃত্বে ব্যাঘাত ঘটবে বলেই হয়তো তাঁরা সেটি চাচ্ছেন না। একটি মহল এটাকে কুক্ষিগত করে রেখেছে। এটাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। যে কেউ ইচ্ছা করলেই কলেজটির উন্নয়নেও ভূমিকা রাখতে পারে না’।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান ও সাংবাদিক দীপক চৌধুরি বাপ্পি বলেন, ‘কলেজটি সরকারিকরণ হলে অবশ্যই অনেক সুযোগ সুবিধা বাড়তো। আর এটিকে সরকারিকরণ না করার আবেদন তো সরকারি নীতিরও পরিপন্থী। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এ ধরণের আবেদন করা হয়েছে বলে আমি মনে করি’।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৬ সালে বিজয়নগরের ইসলামপুর এলাকায় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে কলেজটি সুনাম অর্জন করে আসছে। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা সাত বছর শিক্ষা প্রতিষ্ঠানটি এইচ.এস.সি’র ফলাপলের ভিত্তিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০তম স্থানের মধ্যে থাকে। ১৯৯৭ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ লাভ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজটিতে বর্তমানে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছে। এমপিওভুক্ত ও এমপিও ছাড়া মিলিয়ে প্রায় একশ’ শিক্ষক এখানে কর্মরত। এখানে স্নাতকের পাশাপাশি অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও বেশ কয়েকটি কোর্স চালু আছে কলেজটিতে। একাধিক বহুতল ভবনের কলেজটিতে রয়েছে হোস্টেল সুবিধা।
প্রতিষ্ঠার পর থেকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি দায়িত্বে রয়েছেন এর প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, বরাবরের মতোই ২০১৫ সালে গঠিত সর্বশেষ পরিচালনা কমিটিতে তাঁর পরিবারের সদস্যদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। কমিটির দাতা সদস্য হিসেবে আছেন, শফিকুল ইসলামের স্ত্রী লুৎফা ইসলাম ও ছেলে মাইনুল ইসলাম, আপন ছোট দুই ভাই ডা, কাজী শরীফুল ইসলাম ও কাজী কায়কোবাবদুল ইসলাম আছেন কমিটির যথাক্রমে চিকিৎসক প্রতিনিধি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে। এছাড়া শফিকুল ইসলামের চাচাতো ভাই কাজী সৈয়দুল ইসলাম, কাজী হারিছুর রহমান ও কাজী এনামুল ইসলাম যথাক্রমে অভিভাবক সদস্য, বিদ্যুৎসাহী সদস্য ও অভিভাবক সদস্য হিসেবে। তাঁদের অনেকেই দেশের বাইরে থাকেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। কমিটির সংখ্যাগরিষ্ট সদস্য সভাপতির ঘরের লোক হওয়ায় নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া হয় বলে অনেকে অভিযোগ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, ‘কলেজ সরকারিকরণের দাবি জানিয়ে মানববন্ধন করতে গিয়ে আমাদের কয়েকজনকে খেসারত দিতে হচ্ছে। কলেজ থেকে বহিস্কারের পাশাপাশি এমনকি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে। কলেজে অনেক অনিয়ম-দুর্নীতি হলেও এ নিয়ে কথা বলা কঠিন। এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র বাবদ পাঁচ টাকা নেওয়ার সর্বশেষ দুর্নীতির খবর বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে’।
কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘কলেজ পরিচালনা পরিষদের সভায় সরকারিকরণ না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠির মাধ্যমে জানানো হয়েছে’। কেন সরকারিকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হলো এবং এতে ক্ষতিটা কি হতো- এমন প্রশ্নে তিনি পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে এ বিষয়ে কলেজ পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। গতকাল মঙ্গলবার সকালে একাধিকবার তাঁর মোবাইল ফোন নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেন নি। পরবর্তীতে ম্যাসেজ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায় নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘এ মাসেই আমি ব্রাহ্মণবাড়িয়াতে জয়েন করলাম। যে কারণে এখানকার অনেক বিষয়ই আমার জানা নেই।











