গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে ১০ প্লাটুন বিজিবি। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও সংগ্রহ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে তাদের মোতায়েন করা হয়েছে।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। এ সময় সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সংযম বজায় রেখে সদস্যরা দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে।











