মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১
মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর(নওগাঁ) : নওগাঁর মান্দায় নৌকায় নদী পারাপারের সময় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামি পলাতক রয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পাঠাকাটা-আয়াপুর ঘাটে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী স্কুলের টিফিনের সময় দুপুরের খাবার খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে আত্রাই নদী পারাপারের জন্য সে মাঝি পুষ্করের নৌকায় ওঠে। তখন নৌকায় আগে থেকেই ছিলেন আব্দুর রশীদ ওরফে কালু।
অভিযোগ অনুযায়ী, নৌকাটি মাঝনদীতে পৌঁছালে কালুর সহায়তায় মাঝি পুষ্কর ওই শিক্ষার্থীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আব্দুর রশীদ ওরফে কালু ও মাঝি পুষ্করের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে কালুকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মাঝি পুষ্কর পলাতক রয়েছেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











