ব্রাহ্মণবাড়িয়ায় আনতা-চাই তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বৈশাখ মাসের বৃষ্টিতে নদ-নদীতে বাড়তে শুরু করেছে পানি। সে সাথে ভরে উঠছে খাল -বিল।আর এসময় নতুন পানিতে ছুটে আসে নানা প্রজাতির দেশীয় মাছ। আর আমাদের দেশে গ্রামাঞ্চলে নানা কৌশলে মাছ ধরা হয়। বাঁশ দিয়ে তৈরি আনতা , চাই ,খৈলশুন (বৃত্তি), ভাঁইড় (চোকা) এ রকম মাছ ধরার যন্ত্র/ফাঁদ তৈরিতে হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, নবীনগর ও বাঞ্ছারামপুর এলাকায় সবচেয়ে বেশী।
এ ফাঁদ তৈরির কারিগরা এখন ব্যস্ত সময় পাড় করছেন। তারা বাঁশ কেনা, বাঁশ কাটা, শলাকা তৈরি করা, ফাঁদ বোনার কাজ করছেন সারাক্ষণ তাদের পাশাপাশি বাড়ির গৃহিণী ও অন্য সদস্যরা বর্ষাকালকে সামনে রেখে সংসারের বাড়তি আয়ের আশায় সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত থাকে এ কাজে। সরেজমিনে কথা বলে জানা যায়, নাসিরনগরের চাতলপাড় – বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি হাট ও নবীনগরে উপজেলার মাঝিয়ারা, শ্রীঘর বাজার, শ্যামগ্রাম, ভোলাচং, বাঙ্গরা বাজার, শিবপুর, বিটঘর , বাইশমৌজা প্রভৃতি হাট-বাজারগুলোতে মাছ ধরার এ দেশীয় ফাঁদ বেশি বিক্রি হয়।
আনতা-চাই প্রস্তুতকারী কুদ্দুস মিয়া জানান, এখন আনতা/চাই তৈরিতে আমরা ব্যস্ত। পরিবারের সবাই মিলে এই কাজ করি। এই আয় দিয়েই সংসার চলে। দেশীয় বাঁশ দিয়ে এসব উপকরণ তৈরি করা হয়। এলাকার ছাড়াও জেলার পাশ্ববর্তী হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকার পাইকাররা এসে এসব ফাঁদ কিনে নিয়ে যাচ্ছে। একটি ভালো বাঁশ থেকে ৩টি আনতা-চাই তৈরি করা যায়। প্রতিটি মাঝারি সাইজের আনতা বিক্রি হয় ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।
আরেক কারিগর ইছন মিয়া বলেন, একটি বড় বাঁশের দাম পড়ে ২৫০ থেকে ৩০০ টাকা। ধারালো দা দিয়ে বাঁশের শলাকা তৈরি করা হয়। প্রতিটি শলাকা বা কাঠি নিখুঁত ভাবে বুনন করে বেত /সুতা দিয়ে বেঁধে তৈরি করা হয় আনতা/চাই নামক মাছের ফাঁদ। বাঁশ কেটে, শলাকা তৈরি করে একজন মানুষের পক্ষে দিনে ২টি আনতা তৈরি করা সম্ভব।
এসব ফাঁদ কেনার পাইকার জলিল মিয়া জানান, প্রতি বছর বৈশাখ, জৈষ্ঠ ও আষাঢ এই তিনমাস আমি এগুলো পাইকারীরি কিনে নিয়ে জেলার বিভিন্ন হাটে বেচাকেনা করি। আগের চেয়ে এখন বাঁশের দাম বেড়ে যাওয়ায় একটু বেশী ধরে কিনতে হচ্ছে। এখন জমিতে কাজ না থাকায় মৌসুমী ব্যবসা হিসেবে করি।
তিনি আরোও বলেন, বাড়ির পাশে খালে/নালায় এ গুলো ব্যবহার করে স্হানীয় জেলেরা চিংড়ি, পুঁটি, চান্দা, বৈচা, খৈলশা, ডানকানা, মলা, বাইম/গুতুম, শিং, টেংরা, ছোট টাকি প্রভৃতি মাছ ধরেন।










