রংপুরে দুই বিদ্যালয় ভবনে ফাটল: আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর ও জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে করে ছাদের পলেস্টার খসে পড়ায় আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কিন্তু দীর্ঘদিনেও ওই দুই ভবনের সংস্কার না হওয়ায় শিক্ষা অফিসের কথায় বিশ্বাস রাখতে পারছেন না শিক্ষক-শিক্ষার্থীরা।
জানাগেছে, বদরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি ভবন রয়েছে। চারকক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মিত হয় ১৯৬৮ সালে এবং দুইকক্ষ বিশিষ্ট আরেকটি ভবন নির্মিত হয় ২০০৬ সালে। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২০০। কিন্তু দীর্ঘদিনেও পুরনো ভবনটির সংস্কার না হওয়ায় ভবনে ফাটল ধরেছে এবং কক্ষগুলোর ছাদের অধিকাংশ জায়গায় পলেস্তারা খসে রড বের হয়েছে। আর সেই ভবনেই পাঠদান চলছে।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিতু বানু ও জিনিয়া আক্তার জানায়, ক্লাস করার সময় ছাদের পলেস্তার খসে পড়ে বলে আমরা সবসময় ভয়ে থাকি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিরুজ্জামান বলেন, ক্লাসে গিয়ে পাঠদান করাতো দূরের কথা, ভয়ে ছাদের দিকে তাকিয়ে থাকি কখন কি হয়। আবার অফিসে বসেও ছাদের দিকে তাকিয়ে থাকি। বিদ্যালয়ের সহকারি শিক্ষক ভারতী রানী বলেন, কয়েকদিন আগে শিশু শ্রেণির ক্লাসে ছাদের পলেস্তার খসে পড়ায় অল্পের জন্য রক্ষা পায় দুই শিক্ষার্থী। প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, বিদ্যালয়ে দুুই শিফটে পাঠদান করা হয়। চারটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয় ২০০৬ সালে নির্মিত ভবনে। আর পুরোনো ভবনে শিশু শ্রেণি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এই পুরনো ভবনেই শিক্ষকরাও ঝুঁকি নিয়ে দাফতরিক কাজ করেন।
অন্যদিকে একই দৃশ্য দেখা গেছে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৩৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯৪ সালে চার কক্ষবিশিষ্ট একটি ভবন ও ২০০৬ সালে দুইকক্ষ বিশিষ্ট আরেকটি ভবন নির্মিত হয়। এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১৮৩। কিন্তু ১৯৯৪ সালে নির্মিত ভবনটির চারদিকে ফাটল দেখা দিয়েছে। এছাড়া কক্ষের ছাদ থেকে অবিরত পলেস্তার খসে পড়ছে। এ কারণে ছাদের কোথাও কোথাও আবার রডও বের হয়েছে। তবুও সেসব কক্ষে ঝুঁকি নিয়ে পাঠদান করছেন শিক্ষকরা। আর শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে পাঠ গ্রহণ করছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়লা আরজুমান বলেন, প্রতিনিয়ত ছাদ থেকে পলেস্তার খসে পড়ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, যেকোনো মুহুর্তে ভবনটি ধ্বসে পড়তে পারে। এ কারণে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জিয়াছমিন সাঈদ বলেন, মাত্র কয়েকদিন আগে আমি বদরগঞ্জ উপজেলায় যোগদান করেছি। তাই ওই দুই বিদ্যালয়ের কি কি সমস্যা আছে তা আমার জানা নেই। তবে কথা দিচ্ছি দ্রুততম সময়ের মধ্যে খোঁজ নিয়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।











