ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন
অনলাইন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে একটি ঘটনা সামনে এসেছে। ভারতের সাবেক এক সাংবাদিকের দাবি, সম্পর্কের শুরুর দিকে ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নিয়েছিলেন রণবীর।
সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, তখন রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসেনি। এক রাতে রণবীর ক্যাটরিনার বাড়িতে গেছেন—এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন।
রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকরা সেখানে পৌঁছান। প্রায় দেড়টার দিকে রণবীর বাড়ি থেকে বের হয়ে আসেন। সাংবাদিকদের দেখতে পেয়ে তিনি ক্যাপ দিয়ে মুখ আড়াল করে দ্রুত গাড়িতে উঠে চলে যান।
তবে কিছুক্ষণ পর আবার ঘটনাস্থলে ফিরে আসেন অভিনেতা। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরার ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন বলে দাবি করেছেন ওই সাবেক সাংবাদিক।
সাংবাদিকরা সেখান থেকে চলে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত রণবীরকে নেওয়া সরঞ্জামগুলো ফিরিয়ে দিতে হয় বলে জানান তিনি।
ওই সাংবাদিক আরও দাবি করেন, রণবীর ও ক্যাটরিনার গোপন সাক্ষাতের খবর তারা পেয়েছিলেন একটি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে। সেখানে অংশ নেওয়ার পর দুজন আলাদাভাবে ক্যাটরিনার বাড়ির দিকে রওনা দেন। তাদের গতিবিধির খবর পেয়ে সাংবাদিকরা আগেই বাড়ির সামনে অবস্থান নেন।
ক্যাটরিনা গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা ছবি তুলতে শুরু করলে বিষয়টি টের পান রণবীর। এরপর তিনি গাড়ির কাচ নামিয়ে তাদের দেখতে পান। পরিস্থিতি সামাল দিতে তখন এমন আচরণ করেন যেন তিনি শুধু ক্যাটরিনাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন।
‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিংয়ের সময় রণবীর ও ক্যাটরিনার ঘনিষ্ঠতা বাড়ে। পরে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
বর্তমানে রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফের স্বামী অভিনেতা ভিকি কৌশল।











