বৈশাখ উদ্যাপনে রংপুরে ব্যাপক প্রস্তুুতি
নিজস্ব প্রতিবেদক,রংপুর : বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও চলছে ব্যাপক প্রস্তুুতি। বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য আর আবহমান বাংলার শেকড়ে ফিরে যেতে নগর, বন্দর, গ্রামগঞ্জে আর পাড়া-মহল্লায় এখন বৈশাখের আমেজ।
এদিকে বৈশাখ বরণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নগরীতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে তল্লাশী চেকপোস্ট। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে বৈশাখ বরণে ও যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো মহানগরীসহ জেলায় নজরদারি বাড়িয়েছে।
অন্যদিকে সার্বজনীন এই উৎসবের রঙে রঙিন হতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে চলছে শেষ মুর্হুতের আয়োজন প্রস্তুুতি। আজ শনিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বৈশাখ বরণে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুুতি দেখা গেছে।
নগরীতে পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল সাড়ে ছয়টায় রংপুর কেন্দ্রীয় শহীদ চত্ত্বরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রংপুর জিলা স্কুলের বটতলা বৈশাখী চত্ত্বরে থাকবে জেলা শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল নয়টায় একই স্থান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
এছাড়াও দুপুরে হাসপাতাল, এতিমখানা, কারাগার, ভবঘুরে আশ্রয় কেন্দ্র ও শিশু সদনসমূহে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন এবং রংপুর ক্রিকেট গার্ডেনে দেশীয় খেলাধুলার আয়োজন রয়েছে।রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, বৈশাখ বরণে জেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সবাই যার যার দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে এই দিনটি উদযাপন করব।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, দিনটিকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। পুরো নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।










