মাদরাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা : ওসি প্রত্যাহার, তদন্তে পিবিআই
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে (১৮) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় নুসরাতের পরিবারকে সহযোগিতা না করার অভিযোগে সোনাগাজীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকালে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি- মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন করে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘মামলার তদন্তের শুরু থেকে বাদীপক্ষ ওসির কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছিলেন না বলে অভিযোগ করেছিলেন। তাই মামলা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে এই ওসি অন্তরায় হতে পারে এমন আশঙ্কায় তাকে প্রত্যাহার করা হয়েছে।’
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার ও মামলা পিবিআইয়ে হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পিবিআইয়ের মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের কাছে সকল নথিপত্র হস্তান্তর করা হয়েছে। সোনাগাজী থানায় নতুন করে কাউকে এখনও দায়িত্ব দেয়া হয়নি।
তিনি আরও বলেন, মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রকাশ্য-অপ্রকাশ্য সবাইকে আইনের আওতায় আনা হবে। এজাহারনামীয় বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনায় মামলার প্রধান আসামি ওই মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলাসহ সাতজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
দগ্ধ নুসরাত জাহান রাফি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিশ্বকাপে দলগুলোর ভাগ্য গড়ে দিতে পারে যে পাঁচটি বিষয়
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাকি মাত্র মাস দেড়েক। দলগুলো ব্যস্ত সম্ভাব্য সেরা স্কোয়াড বাছাইয়ে, নিউজিল্যান্ড তো এরই মধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করে দিয়েছে। সব দলই এগোবে নিজ নিজ শক্তিমত্তাকে মাথায় রেখে, তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে দলগুলোর ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বেশ কিছু বিষয়:
ইংলিশ কন্ডিশন : আইসিসি ইভেন্টে ব্যাটিংবান্ধব পিচে বানানো হয়, এমন একটি সাধারণ ধারণা প্রচলিত আছে। তবে এবারের বিশ্বকাপটা ইংল্যান্ডে বলেই কি না, হাই স্কোরিং-ম্যাচই হবে, সেই নিশ্চয়তা ঠিক দেওয়া যাচ্ছে না। ইংলিশ কন্ডিশন যে বরাবরই ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে ভালোবাসে!
উইকেট যতই ব্যাটিংবান্ধব হোক, আকাশে মেঘ থাকলে নতুন বলে বোলাররা নিশ্চিতভাবেই সুইং পাবেন। আর ঠান্ডা আবহাওয়ায় সুইং বোলিংয়ের সামনে ব্যাটসম্যানদের অসহায়ত্ব নতুন কিছু নয়। সে ক্ষেত্রে রাবাদা-বোল্টদের মতো সুইং বোলারদের সামনে খাবি খেতে হতে পারে শীর্ষ পর্যায়ের ব্যাটসম্যানদেরও।
তবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সবশেষ আইসিসি ইভেন্টের পরিসংখ্যান বলছে, নতুন বলের তোপ সামলে নিতে পারলে এই কন্ডিশনেও রানবন্যা ছোটাতে পারেন ব্যাটসম্যানরা। ইংল্যান্ডে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ ম্যাচে ৭ বার ৩০০ ছাড়ানো ইনিংস খেলেছিল দলগুলো। অথচ তার চার বছর আগে, ২০১৩ সালে এই ইংল্যান্ডের মাটিতেই চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ ম্যাচে ৩০০ ছাড়ানো স্কোর হয়েছিল মাত্র ২ বার!
টুর্নামেন্টের ফরম্যাট : এই বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠতে পারে ফরম্যাট। এবার বিশ্বকাপে নেই কোনো গ্রুপিং। অর্থাৎ, নকআউটে পর্বে যাওয়ার আগে প্রতিটি দলই একে অন্যের মুখোমুখি হবে একবার করে। ৯টি করে ম্যাচ শেষেই নির্ধারিত হবে কোন চার দল পাবে সেমিফাইনালের টিকিট।
আর এই সূচির কারণেই চমক উপহার দিতে পারে এবারের বিশ্বকাপ। ৯ ম্যাচ ধরে ছন্দ ধরে রাখা মোটেও সহজ কাজ নয়। যে কারণে ভালো শুরু করেও শেষের ব্যর্থতায় যেমন কপাল পুড়তে পারে, তেমনি শুরুটা ভালো না হলেও পরপর কয়েক ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরে আসার সুযোগ থাকছে।
পরিবর্তিত এই সূচিতে ইনজুরির বিষয়টিও দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফুটবলের ক্ষেত্রে যেমনটা দেখা যায়, দীর্ঘ লীগ শেষ করতে করতে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই ইনজুরিতে পড়ে যায়। এবার বিশ্বকাপেও তেমন পরিস্থিতির উদ্রেক হলে অবাক হওয়ার কিছু থাকবে না। খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারটাও তাই দিন শেষে দলগুলোর ভাগ্য ঠিক করে দিতে পারে।
সবশেষ এই সূচিতে খেলা হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে। সেবার বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবারও সে রকম চমকজাগানিয়া কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও।
উপমহাদেশের দর্শক : খেলা যদিও হবে ইংল্যান্ডে, কিন্তু উপমহাদেশের দলগুলোর মনে হলেও হতে পারে, তারা নিজেদের ঘরের মাঠেই খেলছে। মনে হবে না-ইবা কেন, যুক্তরাজ্যে উপমহাদেশের দলগুলো কী ব্যাপক সমর্থন পায়, সে কথা তো আর কারোর অজানা নয়! উপমহাদেশের প্রচুর লোক বাস করেন যুক্তরাজ্যে, মাঠে তাই দর্শক সমর্থনের অভাব হয় না বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার মতো দলগুলোর। দর্শক সমর্থনের বিষয়টি তাই বাড়তি সুবিধা এনে দিতে পারে উপমহাদেশের চার দলকে।
আগ্রাসী ব্যাটিং : ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকে যেন ওয়ানডে ক্রিকেটে বিপ্লবের মিশনে নেমেছে ইংলিশরা! ওয়ানডে ব্যাটিং খোলনলচে পাল্টে দিয়েছে দলটি। শুরুতে দেখে খেলে শেষে মেরে খেলার যে ‘অলিখিত নিয়ম’ ছিল ওয়ানডেতে, সেটি ভেঙে দিয়েছে ইংল্যান্ড। যার প্রমাণ মিলবে পরিসংখ্যানেও। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ৩৪ বার ৩০০ ছাড়ানো ইনিংস খেলেছে ইংল্যান্ড! অন্য যেকোনো দলের তুলনায় যা অনেক বেশি। ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও নতুন করে লিখেছে দলটি। একমাত্র দল হিসেবে গত চার বছরে চারবার ৪০০-র বেশি স্কোর করেছে ইংল্যান্ড। চার বছর আগের তুলনায় ব্যাটিং যে এখন অনেক বেশি আগ্রাসী, তার সবচেয়ে বড় প্রমাণ এই ইংল্যান্ডই।
শুধু ইংল্যান্ড নয়, আগ্রাসী ব্যাটিংয়ে অন্য দলগুলোও কিন্তু পিছিয়ে নেই। ৩০০ ছাড়ানো ইনিংসে ইংল্যান্ডের সবচেয়ে কাছাকাছি আছে ভারত। গত বিশ্বকাপের পর থেকে মোট ২১ বার ৩০০-এর বেশি স্কোর করেছে তারা। এ ছাড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ১৮ বার করে ও নিউজিল্যান্ডও ১৫ বার ৩০০-এর বেশি স্কোর করেছে।
ব্যাটসম্যানদের এই আগ্রাসী হয়ে ওঠার পেছনে টি-টোয়েন্টি ক্রিকেটের অবদানও কম নয়। যত বেশি টি-টোয়েন্টি খেলছেন ব্যাটসম্যানরা, তত নতুন নতুন কৌশল রপ্ত করছেন দ্রুত রান তোলার। আগে তাই ক্রিজে এসেই শট খেলা কঠিন হলেও এখন পরিস্থিতির কারণে বাধ্য হয়েই উইকেটে আসামাত্রই হাত খুলতে হচ্ছে ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টি ক্রিকেটের এই দিকটি প্রভাব ফেলেছে ওয়ানডেতেও। দলগুলোর আগ্রাসী ব্যাটিং তাই ঘুরিয়ে দিতে পারে যেকোনো ম্যাচের মোড়।
লেগ স্পিনারদের রহস্য : ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং থামাতে অধিনায়কদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন লেগ স্পিনাররা। বিশ্বকাপকে সামনে রেখে প্রায় প্রতিটি দলই তাই অন্তত একজন করে লেগ স্পিনার তৈরি করে রেখেছে, ব্যতিক্রম কেবল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে লেগ স্পিনারদের সাফল্যও চোখে পড়ার মতো। তাই অনেক নামী ব্যাটসম্যানদের ভিড়ে যদি রশিদ খান, ইমরান তাহির, কুলদীপ যাদব, অ্যাডাম জাম্পা বা ইশ সোধির মতো লেগ স্পিনার টুর্নামেন্টের নায়ক হয়ে উঠলে অবাক হওয়ার কিছু নেই।
সেই ‘অপয়া’ জার্সি ফিরিয়ে আনল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : কথাটা বলেছিলেন কার্লোস আলবার্তো। ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক জাতীয় দলের বিখ্যাত হলুদ জার্সি নিয়ে বলেছিলেন, ‘ব্রাজিলিয়ানদের জন্য হলুদ জার্সিটা পূজনীয়, গায়ে যখন হলুদ জার্সিটা ওঠে, তখন শুধু গর্ব না, একটা দায়িত্বও চলে আসে, যা প্রতিটা খেলোয়াড়ের গায়ে শিহরণ জাগায়।’ ভক্তদের মনেও কি শিহরণ জাগায় না? হলুদ জার্সি গায়ে চাপিয়ে নেইমার-কুতিনহোরা যখন মাঠে নামেন, শিহরণের শুরুটা তো আসলে তখন থেকেই। এবার কোপা আমেরিকায় ব্রাজিলের হলুদ ও নীল জার্সি তো থাকছেই, সঙ্গে তৃতীয় ‘কিট’ হিসেবে যোগ হয়েছে আরও একটি জার্সি। ১৯৫০ বিশ্বকাপ থেকে যে রঙের জার্সিকে ‘অপয়া’ বলেই মনে করে এসেছে ব্রাজিলিয়ানরা। ঠিকই ধরেছেন, সাদা জার্সি!
ব্রাজিল ফুটবল কনফেডারেশনস (সিবিএফ) কাল রিও ডি জেনিরোয় কোপা আমেরিকার জন্য এই সাদা জার্সি উন্মোচন করেছে। ব্রাজিলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে এই জার্সি উন্মোচন করানো হয়। ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ হিসেবে মনে করায় তাঁকে দিয়ে এই জার্সি উন্মোচন করানো হলো। ‘এটা আমার জন্য সম্মান ও আনন্দের উপলক্ষ যে ঐতিহ্যবাহী জার্সিটা গায়ে চাপাতে পেরেছি, যা বহুদিন ব্যবহার করা হয়নি,’ উচ্ছ্বসিত ভিনিসিয়ুস!
১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজ্জো’ বিপর্যয়ের পর সাদা রঙের জার্সি আর পরেনি ব্রাজিল দল। একসময় এটাই ছিল ব্রাজিল দলের ‘হোম জার্সি’। কিন্তু সেই বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে হারের পর সাদা জার্সিকে ‘অপয়া’ আখ্যা দিয়ে তা তুলে রাখা হয়েছিল। ৬৯ বছর পর সেই জার্সি ফিরিয়ে আনার কারণ কোপা আমেরিকা। লাতিন আমেরিকার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টে ১৯১৯ সালে প্রথম শিরোপা জিতেছিল ব্রাজিল। এবং সেই টুর্নামেন্টে সাদা জার্সি পরে খেলেছিল ব্রাজিল দল। শত বছর আগের সেই প্রথম শিরোপাজয়ের স্মৃতি উদ্যাপন করতেই এত দিন পর সাদা জার্সি ফিরিয়ে আনল ব্রাজিল।
১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা। ভিনিসিয়ুস এখন চোটে ভুগলেও ব্রাজিল কোচ তিতের কোপা স্কোয়াডে থাকবেন বলেই সবার বিশ্বাস। আক্রমণভাগে নেইমারের সঙ্গে তাঁর জুটি দেখার অপেক্ষায় রয়েছে ব্রাজিলের ভক্তরা।
টাকার জন্য পগবাকে কিনতে পারেনি বার্সা
স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে কম নাটক হয়নি পগবাকে নিয়ে। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারার পর পল পগবার আর তর সইছিল না। চ্যাম্পিয়নস লিগের স্বাদ পেতে আরও ‘বড়’ ক্লাবের খোঁজে নেমেছিলেন পগবা ও তাঁর এজেন্ট মিনো রায়োলা। দুটি দলের নামই বারবার উঠে এসেছে—রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। এদের পাশাপাশি আরও একটি দলও তাঁর দিকে হাত বাড়িয়েছিল। সে দলটি আর কেউ নয়, পগবাকে চ্যাম্পিয়নস লিগ বঞ্চিত করা বার্সেলোনা।
২০১৬ সালের আগস্টে সে সময়কার দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙে ইউনাইটেডে গিয়েছিলেন পগবা। তবে যে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য জুভেন্টাস ছাড়া, সে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেননি পগবা। সে সময় শুধু ইউনাইটেড নয়, রিয়ালের পাশাপাশি পগবাকে কিনতে লাইনে দাঁড়িয়েছিল বার্সেলোনাও। সেবার বার্সার পিছু হটার একমাত্র কারণ ছিল অর্থ। বার্সেলোনার বর্তমান সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ অকপটে স্বীকার করে নিলেন সে কথা।
২০১৬ ইউরো ফাইনালে ফ্রান্সের হয়ে পর্তুগালের কাছে হেরেছিলেন পগবা। সেই টুর্নামেন্টে তাঁর খেলা ছিল চোখে লেগে থাকার মতো। যে কারণে রাতারাতি দাম বেড়ে যায় পগবার। ইউনাইটেডকে ঢেলে সাজাতে পগবাকে আবারও ফিরিয়ে আনার চিন্তাভাবনা শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে জন্য বড় অঙ্কের টাকা খরচ করতেও সমস্যা ছিল না তাদের। বার্তামেউয়ের মতে, এ কারণেই পিছু হটতে হয় বার্সাকে, ‘২০১৫ সালে আমাদের জুভেন্টাসের সঙ্গে কথা হয়েছিল, যদি তারা পগবাকে বিক্রির চিন্তাভাবনা করে তবে আমাদের জানাতে। সে সময় আমাদের একজন মিডফিল্ডার প্রয়োজন ছিল।’
ইউনাইটেড আর রিয়ালের টানাটানিতে রাতারাতি পগবার দাম ১০০ মিলিয়ন ছাড়ায়। তখন বার্সাকে জানিয়েও লাভ ছিল না, ‘তারা যখন আমাদের জানায় যে ইউনাইটেড পগবাকে চাচ্ছে, তখন তাঁর দাম বেড়ে গেছে অনেকটা। সে দাম আমরা পরিশোধ করতে পারতাম না। পগবা অবশ্যই বর্তমান ফুটবল বিশ্বের অনেক বড় একটি নাম। তবে সে সময় এত অর্থ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।’
যত কিছুই হোক না কেন, পগবা এখন বার্সেলোনার কাছে অন্য এক নাম। ইউনাইটেড ঘুরে তাঁর সঙ্গে এখন রিয়াল মাদ্রিদের যোগসাজশ। জিদানের ইচ্ছে তাঁকে দলে ভেড়ানোর। কে জানে কিছুদিন পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের জার্সিতেই দেখা যেতে পারে পগবাকে!
টোকাই ক্রিকেট বিশ্বকাপে খেলবে চেন্নাইয়ের চার ছেলে-মেয়ে
স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ এপ্রিল লন্ডনে যে প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ (এসসিসিডাব্লিউসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নিচ্ছে ভারতের চেন্নাইয়ের চার ছেলে-মেয়ে।
ভারতে কর্মরত করুণালয় নামের সংগঠন চেন্নাইয়ের এই চার ছেলে-মেয়েকে বাছাই করে। এরা হলো পলরাজ (১৭), নাগলক্ষ্মী (১৭), মনিশা (১৪) এবং সূর্যপ্রকাশ (১৭)।
পলরাজের বাবা-মা ম্যাট মার্কেটের রাস্তায় একটি টিফিন শপ চালান। এক বছর আগে তার লেখাপড়া ও খেলাধুলার দায়িত্ব নেয় করুণালয়।
বাবার মৃত্যুর সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল সূর্যপ্রকাশ। ওই সময় পড়াশুনা বাদ দিয়ে পাঞ্জাব ও চেন্নাইয়ে শিশু শ্রমিক হিসেবে কাজ শুরু করে সে। কিন্তু মালিকপক্ষের নির্যাতনে পালিয়ে আসতে হয়। এরপর রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করার সময় তাকে উদ্ধার করে করুণালয়।
চেন্নাইয়ের মাদুরাইয়ের অধিবাসী নাগলক্ষ্মীর গল্পও একই। বাবা-মা কর্তৃক বিতাড়িত হওয়ার পর গভর্নমেন্ট হোমসে থাকতো সে। সেখান থেকে উদ্ধার করে করণালয়। আর ১৪ বছর বয়সী মনিশা জন্মের পর থেকেই পরিবারের সঙ্গে রাস্তায়। দুই বছর আগে তার বাবা মারা যান। মা কাজ করেন গৃহকর্মী হিসেবে।
যুক্তরাজ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এসসিসিডাব্লিউসি। চারটি সংগঠন ভারত থেকে দুটি দল টিম নর্থ ইন্ডিয়া ও টিম সাউথ ইন্ডিয়াকে বিশ্বকাপে আনবে। প্রত্যেক দলে থাকবে আটজন খেলোয়াড় (১৪ থেকে ১৭ বছর বয়সী চারজন ছেলে এবং চারজন মেয়ে)। অংশগ্রহণকারী সবাই রাস্তার কিংবা একসময় রাস্তায় ছিল।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নেপাল, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, তানজানিয়া, মরিশাসসহ ৯টি দেশের ১০টি দল। এতে সিরিয়ার একটি শরণার্থী দলও অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
লড়াকু সেঞ্চুরিতে আবাহনীর মান বাঁচালেন মোসাদ্দেক
স্পোর্টস ডেস্ক : ১৪ রানে ৪ উইকেট। সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্বটা নিজের কাঁধে নিলেন মোসাদ্দেক হোসেন। ঠিক অধিনায়কের মতোই খেললেন। তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিও। তার ওই সেঞ্চুরিতে ভর করেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বিপদে পড়েও মান বাঁচানোর মতো পুঁজি দাঁড় করাতে পেরেছে আবাহনী লিমিটেড।
পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে আবাহনী তুলেছে ২১১ রান। ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়ে গেছেন মোসাদ্দেক। ১৩৯ বল মোকাবেলায় ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১০১ রানে।
মোসাদ্দেকের এই লড়াই না হলে আবাহনী কতটুকু যেতে পারতো বলা মুশফিল। ১৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েছিলেন মোসাদ্দেক। কিন্তু মিঠুনও আউট হয়ে যান ৩৩ করে। ৮ রানে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এরপর মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৫০ আর আবদুল্লাহ আল মামুনকে নিয়ে অষ্টম উইকেটে ৫৭ রানের আরও দুটি জুটি গড়েন মোসাদ্দেক। মাশরাফি ২০ আর মামুন আউট হন ২৬ রানে। তারপরও মোসাদ্দেক একটা প্রান্ত ধরে লড়াই চালিয়েই গেছেন, শেষ পর্যন্ত।
শেখ জামালের নাসির হোসেন ২৪ রানে ৩টি আর নাবিল সামাদ ৪২ রানে নেন ২টি উইকেট।
মাঠে ফেরাটা সুখকর হলো না তাসকিনের
স্পোর্টস ডেস্ক : সেই যে বিপিএলে পায়ে চোট পেয়েছিলেন, এরপর প্রায় দুই মাস মাঠের বাইরে তাসকিন আহমেদ। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের আগমুহূর্তে সুযোগ পেলেন। প্লেয়ার্স ড্রাফটে থাকায় ডানহাতি এই পেসারকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ (বুধবার) খেলতেও নেমেছিলেন।
কিন্তু দুই মাস পর মাঠে ফেরা তাসকিন প্রথম ম্যাচেই পেলেন তিক্ত অভিজ্ঞতা। শেরে বাংলায় তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ মাত্র ১৮০ রানেই আটকে দিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাবকে। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে এই রান তুলেছে উত্তরা। অথচ এমন এক ম্যাচেও উদারহস্তে রান বিলিয়েছেন তাসকিন।
ম্যাচে ৫ ওভার বল করার সুযোগ পান তাসকিন। ওই পাঁচ ওভারেই দিয়েছেন ৩৬ রান। ওভারপ্রতি ৭.২০ রান খরচা করেও একটি উইকেটের দেখা পাননি এই গতিতারকা।
উত্তরা স্পোর্টিংয়ের ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার আনিসুল ইসলাম ইমন ছাড়া কেউ হাফসেঞ্চুরিও পাননি। ৭৩ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ইমন করেছেন ৫৫ রান। মিনহাজুল আবেদিন ৩৭ আর অধিনায়ক শাখির হোসেনের ব্যাট থেকে আসে ৩৩ রান।
লিজেন্ডস অব রূপগঞ্জের নাবিল সামাদ ১০ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ঋষি ধাওয়ান ৪৫ রানে নেন ২টি উইকেট।
লিভারপুলকে জেতালেন ব্রাজিলের ফিরমিনো
স্পোর্টস ডেস্ক : নিজে এক গোল কলেন, একটি করালেন সতীর্থকে দিয়ে। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর দুর্দান্ত নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে লিগের সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।
আনফিল্ডে শীতল রাতে জয় পেলেও পুরো সময় নিজেদের সেরাটা দিতে পারেনি লিভারপুল। বরং আগের ছয় ম্যাচে রেডদের বিপক্ষে কখনই জিততে না পারা পোর্তো ২৬ মিনিটে দুই গোল খাওয়ার পর বাকি সময়টায় আটকে রেখেছিল ক্লপের দলকে।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারতো পোর্তোই। দুই মিনিটের মাথায় মুসা মারেগার ডান পায়ের শট একটুর জন্য জাল পায়নি। তবে এর তিন মিনিট পরই (৫ম মিনিট) গোলের দেখা পেয়ে যায় লিভারপুল। ফিরমিনোর পাস থেকে নেয়া কেইতার জোড়ালো শট পোর্তো মিডফিল্ডার অলিভার তোরেসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
৬ মিনিটের মাথায় সুযোগ পেয়েছিলেন মোহামেদ সালাহ। এবার ফিরমিনোর পাস বক্সের মধ্যে পেয়েও পা ছুঁয়ে দিতে পারেননি মিসরীয় ফরোয়ার্ড। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া তার আরও এক শট ফিরিয়ে দেন পোর্তো গোলরক্ষক।
সালাহ সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন ২২ মিনিটে। পোর্তো গোলরক্ষক একা পেয়েও গোল করতে পারেননি মিসরীয় তারকা। তার বাঁ পায়ের শট পোস্টের গা ঘেঁষে বাইরে চলে যায়।
তবে আক্রমণের ধারা বজায় রেখে দ্বিতীয় সাফল্য লিভারপুল পেয়ে যায় ২৬ মিনিটে। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের ক্রস থেকে বক্সের মধ্যে জায়গায় দাঁড়িয়ে সহজেই গোল করেন ফিরমিনো।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে লিভারপুলের সাদিও মানে বল জালে জড়ালেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল রেডরা। গোলের দেখা আর পায়নি।










