গভীর রাতে প্রেমিকার সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গভীর রাতে প্রেমিকার বাড়ি গিয়ে আটক হয়েছেন প্রেমিক। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার উত্তর ভূমখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার আটক প্রেমিক রাব্বি আকন (২৪) ও তার প্রেমিকার বিয়ের কথা রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার ভূমখাড়া ইউনিয়নের উত্তর ভূমখাড়া গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্য লোনসিং গ্রামের রাব্বি আকনের। গতকাল শনিবার ওই তরুণীর মা তার বাবার বাড়ি বেড়াতে যান। এ সুযোগে রাব্বি তাদের বাড়িতে ঢুকে পড়েন। রাত ১২টার দিকে ওই তরুণী ও রাব্বি পরস্পর গভীর সম্পর্কে জড়ান। পরে ‘আপত্তিকর’ অবস্থায় তাদের আটক করা হয়।
এদিকে ঘরের ভেতর থেকে শব্দ আসায় সন্দেহ হয় এলাকাবাসীর। তারা ওই বাড়িতে গিয়ে ভেতর থেকে রাব্বি ও ওই তরুণীকে হাতেনাতে আটক করে। পরে তারা নিজেদের সম্পর্কের ব্যাপারে স্বীকার করলে গ্রাম্য মাতব্বর ও স্থানীয় প্রতিনিধির উপস্থিতিতে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। আজ রোববার তাদের বিয়ের কথা রয়েছে। রাব্বি এখন পর্যন্ত ওই বাড়িতে আটক রয়েছেন।
অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাব্বি আকন আমাদের সময়কে জানান, একই কলেজের শিক্ষার্থী হওয়ায় দুজনের মন দেওয়া নেওয়া হয়। এক বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে। এর ভিত্তিতেই দুজন দুজনের কাছে আসেন। তারা বিয়ে করতে চান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়েছিল। দুজনই প্রাপ্তবয়স্ক। তাদের বিয়ে দেওয়া হবে। ছেলে-মেয়ে দুজনই বিয়েতে রাজি আছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ আমাদের সময়কে বলেন, ঘটনার ব্যাপারে জানার পর সঙ্গে সঙ্গে ওই বাড়িতে থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ারকে পাঠানো হয়। তিনি জানিয়েছেন, আটক দুজন প্রাপ্তবয়স্ক। গ্রামবাসী ও দুই পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে হবে।










