চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত
নিউজ ডেস্ক : চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।
শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, ১১ জনের মধ্যে নয়জন পুরুষ ও দুইজন নারী। এক নারীর নাম ফাতেমাতুজ জোহরা বৃষ্টি এবং অপরজনের নাম নাসরিন জাহান।
গত ২১ ফেব্রুয়ারি সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে ৬৭ জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ২৩ ফেব্রুয়ারি ঘটনাস্থল থেকে নিহত একজনের হাত উদ্ধার করা হয়।
সিআইডি কর্মকর্তা জানান, মরদেহের জন্য নিহতদের স্বজনদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন ৪৮ জন। তাদের মধ্যে ১১ জনের মরদেহের সঙ্গে ২৩ ব্যক্তির ডিএনএ নমুনা মিল পাওয়া গেছে।
বাকি মরদেহের পরিচয় শনাক্ত করতে আরও ১০-১২ দিন সময় লাগবে বলেও জানান ওই কর্মকর্তা।
রেজাউল হায়দার বলেন, তারা সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে তাদের প্রতিবেদন পাঠিয়েছেন। আদালতের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।










