চকবাজার ট্র্যাজেডি: গ্রেফতার হয়নি ওয়াহেদ ম্যানশনের দুই মালিক
অনলাইন ডেস্ক : বসবাসের জন্য ফ্ল্যাট ভাড়া দিলে মাসে যে টাকা পাওয়া যায়, কেমিক্যালের গোডাউন ভাড়া তারচেয়ে অন্তত পাঁচগুণ বেশি। অধিক ভাড়া আদায়ের লোভই হাজী ওয়াহেদ ম্যানশনের দোতালা কেমিক্যালের গোডাউন হিসেবে ভাড়া দিয়েছিলেন হাসান ও সোহেল। তারা আপন দুই ভাই। পৈত্রিক সূত্রে এ ভবনের মালিক তারা।
গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ভবনটির দোতলার কেমিক্যালের গোডাউন থেকে, এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের মামলার আসামি হাসান ও সোহেলকে ১৩ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা গ্রেফতার না হওয়া রহস্যজনক বলে মনে করছেন হতাহতদের পরিবারের সদস্যরা। তবে পুলিশের গতানুগতিক ভাষ্য-গ্রেফতারের চেষ্টা চলছে। কিন্ত তাদের পাওয়া যাচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, ‘হাসান ও সোহেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।’
অগ্নিকাণ্ডে নিহত জুম্মনের ছেলে আসিফ বাদি হয়ে গত ২১ ফেব্রুয়ারি চকবাজার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় হাসান ও সোহেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।
গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনসহ আশপাশের ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে মঙ্গলবার চুড়িহাট্টায় গিয়ে দেখা যায়-এখনও উৎসুক মানুষ পোড়া ভবনগুলো দেখতে ভিড় করছে। ওয়াহেদ ম্যানশন লাগোয়া সেই রাজমহল হোটেলটির ধোঁয়া মোছার কাজ চলছে। আগুনে হোটেলের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সেটির ম্যানেজার রাকিব সমকালকে জানালেন, অগ্নিকান্ডের পর অনেকেই অভিযোগ তোলে-রাজমহল হোটেলের সিলিন্ডার বিষ্ম্ফোরিত হয়েছে। যদি তাই হত তাহলে কী হোটেল অক্ষত থাকতো। সিলিন্ডারও অক্ষত দেখেছে আগুনের কারণ অনুসন্ধানে গঠিত একাধিক তদন্ত কমিটি। রাকিব বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আবার হোটেল চালু করবো।’
আলী হোসেন নামে আজগর লেনের এক বাসিন্দা জানালেন, এই এলাকায় ফ্ল্যাট অনুসারে মাসে ভাড়া ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। কিন্ত কেমিক্যালের গোডাউন হিসেবে ভাড়া দিলে অন্তত পাঁচগুণ বেশি টাকা পাওয়া যায়। একারণে বাড়ির মালিক পক্ষ গোডাউন ভাড়া দিতে বেশি আগ্রহী। হাসান ও সোহেল অতিরিক্ত টাকায় বাড়িতে কেমিক্যাল গোডাউন ভাড়া দিয়েছিলেন।










