বোঝাপড়া
বিনোদন প্রতিবেদক :ইউসুফ সাহেব আজকাল সকাল করে উঠে পড়েন। চোখ খুলেই দেখেন চার পাশ ঝলমল করছে হিমেল রোদে। পাতা নড়ছে, পাখি ডাকছে। কোথাও আর শীতের আতঙ্ক নেই। গাছাড়া এক আলসে ভাব মিলেমিশে ছড়িয়ে পড়েছে পরিবেশের মধ্যে। টানা ছয় মাসের প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাওয়া কটকটে শরীরও এখন গাছেদের মতো আলগা আর ঢিলেঢালা হয়ে যাচ্ছে। শীত সহ্য করা যায় কিন্তু টেম্পারেচার নামতে নামতে যখন মাইনাসে চলে যায়, তখন আর কোথাও ভালো লাগে না। শুয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, ঘুরে আরাম নেই। শুধু ঠকঠক, কাঁপতে কাঁপতে সময়কে পাশ কাটানো। শুধু কি তাই, দিন ছোট হতে থাকে। ৪টায় যেখানে বিকেল থাকার কথা, সেখানে সব দিকে আন্ধার দিয়ে গাঢ় সন্ধ্যা নামে। অন্যদের কেমন হয়, কে জানে! ইউসুফ সাহেবের একদম ভালো লাগে না। বুকের মধ্যে ফাপর ঢুকে বসে। দম বন্ধ-বন্ধ আর প্রচণ্ড একা লাগে তখন। খামোখা মৃত্যুভয়ের মতো হাবিজাবি শঙ্কা মনের মধ্যে জমা পড়তে শুরু করে। ফলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি তিনি জেলখানার জীবন পার করেন। কোনো মতে মার্চে পা ফেলতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচেন। মোট কথা সামনের সাত-আট মাস তিনি আর যাই হোক ব্যক্তিগতভাবে অন্তত ভালো থাকবেন। মূলত বাগান দিয়েই কাজের খাতা খোলেন তিনি। হামিদার মুহুর্মুহু ডাক ইউসুফ সাহেব হয়তো খানিক বাদে শুনতে পান। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন। গভীর পায়ে এগিয়ে যান দরজার দিকে। নিঃশব্দে চায়ের কাপে হাত রাখেন, তারপর দু-এক চুমুক দিতে দিতে ফের আপেলতলায় ফিরে আসেন। হামিদা বাগানে নামেন না। তিনি বিড়াল পোষেণ। সুন্দর একটা নামও দিয়েছেন ওর মিল্কি। তার সব মমতা এখন এই মিল্কিকে নিয়ে। বিড়ালকে ভালোবাসার পর যেটুকু থাকে তাই বোধহয় সংসারে ছড়িয়ে ছিটিয়ে দেন তিনি। মিল্কি আর হিন্দি সিরিয়াল এ দুটোই এখন ইমোশনের মূল সোর্স হামিদার। স্বামী-সংসার, আত্মীয়-বান্ধব সামলানো এখন তার কাছে রুটিন ওয়ার্কের মতো। সংসারময় ছড়িয়ে থাকা হামিদা কী করে বদলে যেতে যেতে এক-দু’কেন্দ্রিক সাবজেক্টে থিতু হলেন তা আজ তিনিও বোঝেন না। অথচ শুরুতে যারপরনই কষ্ট করেছেন ইউসুফ সাহেব। একটি পাকিস্তানি রেস্টুরেন্টে ওয়াশিংয়ের কাজ পেয়েছিলেন তিনি। কী যে পরিশ্রম! চব্বিশ ঘণ্টায় চার-পাঁচ ঘণ্টার বেশি ঘুমাবার সুযোগ মিলত না। কোনো কোনো রাতে তো রেস্টুরেন্টেই ঘুমিয়ে যেতেন। সাবলেটের ছোট্ট একটি কামরায় তখন দু’জনের পাখির বাসার মতো ছোট্ট সংসার। অথচ তীব্র অর্থকষ্টের মধ্যেও চোখভরা স্বপ্ন ছিল। একমাত্র মাইগ্রেন ছাড়া ইউসুফ সাহেবের তেমন কোনো সমস্যা ছিল না। মাথার ভেতর কামড় মারত, যন্ত্রণায় একেক সময় মাথা খামচে ধরতেন তিনি। হামিদা সহ্য করতে পারতেন না। হু হু করে কাঁদতে কাঁদতে মাথায় জলপট্টি লাগাতেন। ইউসুফ সাহেব হামিদার চোখে চোখ রেখে নতুন করে সাহস পেতেন। পাহাড় ভাঙার সাহস এই তো আর কয়েকটা বছর! আমরা লাল পাসপোর্ট পেয়ে যাবো। তখন আর কোনো দুঃখ থাকবে না। ব্রিটিশ সরকার আমাদের বাড়ি দেবে। বেনিফিট দেবে। হামিদা অসম্ভব রূপবতী ছিলেন। চুল ছিল ঘনকালো আর কোমরতক লম্বা। আহ্ কী মধুমাখা দিন ছিল তখন। দৃশ্যগুলো মাথায় নিয়ে তিনি বেশিক্ষণ একনাগাড়ে থাকতে পারলেন না। একটা দমকা হাওয়া এসে আপেলগাছটাকে নাড়িয়ে দিয়ে গেল। সাথে সাথে গোটা তিনেক পাখি উড়ে গিয়ে লাগোয়া প্রাচীরে বসে পড়ল। ইউসুফ সাহেব উঠে দাঁড়াতে চাইলেন। কিন্তু সামান্য নড়লেও ঠিক উঠলেন না। তিনি ফের ভাবনায় ডুব দিলেন। বড় ছেলেটা ভাড়া বাসাতেই জন্মেছিল। তারপর আর বেশি দিন লাগেনি। বছর তিনেকের মধ্যেই লাল পাসপোর্ট হাতে পেয়েছিলেন তারা, সাথে সরকারি বাসা। জীবনটাই যেন হঠাৎ পাল্টে গিয়েছিল। এক বন্ধুর সাথে শেয়ারে একটি রেস্টুরেন্ট খুলে বসেছিলেন তিনি। খোলার যা দেরি। হুহু করে টাকা আসতে লাগল। সাথে সরকারি বেনিফিট তো আছেই। হামিদা আবার প্রেগনেন্ট হলেন। ইউসুফ সাহেব থামলেন না। বললেন, আরো ছেলেমেয়ে দরকার। অধিকন্তু সরকার যেখানে সন্তানদের আলাদা বেনিফিট দিচ্ছে, সেখানে আবার চিন্তা কী! হামিদাও কী মনে করে রাঁ করেননি। টানা আট বছরে আরো পাঁচ কন্যার জন্ম দিলেন হামিদা।
পরের দিনগুলো আর কালো হয়ে থাকেনি। টাকা যেমন এসেছে, কাজেও লেগেছে সমানতালে। ইউসুফ সাহেব হামিদার নামে একটি বড় বাড়ি কিনে ফেললেন। ওদিকে ছেলেমেয়েরা ধেই ধেই করে বড় হয়ে যাচ্ছিল। লাগাতার গোটা কয়েক মেয়ের বাবা হয়ে যাওয়ায় ইউসুফ সাহেব পুরোপুরি ধার্মিক হয়ে গিয়েছিলেন। হামিদাও পাল্টে গিয়েছিলেন। বউ বাচ্চায় বছর পাঁচেক বেজায় সুখি ছিলেন তিনি। কিন্তু মেয়েরা যেই যুবতী হতে লাগল, সেই যেন পাল্টে যেতে লাগল। মেয়েদের পরিবর্তনগুলো ইউসুফ সাহেব হয়তো ধরতে পারেননি। বাবার সামনে ওরা যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানত না। হামিদা কিন্তু সব জানতেন। ফেরাবার চেষ্টা করেছেন কিন্তু একজোট মেয়েদের সাথে তিনি ঠিক পেরে উঠতে পারেননি। কোনো এক সন্ধ্যায় ইউসুফ সাহেব বড় মেয়েকে আর খুঁজে পেলেন না। রাত ৯ টার পর থানায় চলে গেলেন। ডাইরি করলেন। থানা থেকে ফেরার সাথে সাথেই ফোন বেজে উঠল। ইউসুফ সাহেব এক লাফে ফোনটা চিলের মতো ছিনিয়ে নিলেন। পুলিশ অফিসার ওপাশ থেকে যা বললেন তাতেই ইউসুফ সাহেবের হাত পায়ে একদাগে হিম ছড়িয়ে পড়ল। তিনি উন্তের মতো হো হো করে কেঁদে ফেললেন। ফোন কেটে যাওয়ার পরেও একটানা গোঙাতে লাগলেন তিনি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হামিদা হয়তো বিশ্বাস করেন শান্ত হও। যা হবার হয়েছে। মেয়ে তো আর জলে পড়েনি। আজ কিংবা কাল, কারো না কারো হাতে তো তুলে দিতেই হতো। ইউসুফ সাহেব কান্নার মধ্যপথ থেকে ঠিক হুঙ্কার দিতে পারলেন না। তিনি বরং বেশি রকম আশ্চর্য চোখে চোখ রাখলেন হামিদা! তার মানে তুমি জানতে! হামিদা কিছুই বলেননি। ইউসুফ সাহেব যেন মুহূর্তে সে দিন একখণ্ড পাথর হয়ে গেছেন। বিনাবাক্যে বিছানায় শুতে গেছেন। তার পর তিন দিন কিছুই আর বলেননি, মুখেও তোলেননি কিছুই। কিন্তু চার পাশের চলমান সব কিছুকে বাদ দিয়ে কত দিন আর মানুষ নিজকে বন্ধ রাখতে পারে। একদিন তাই তিনি নতুন করে আশাবাদী হয়ে ওঠেন। অবশিষ্ট চার মেয়েকে ঘিরে নতুন করে স্বপ্নজাল বাঁধতে শুরু করেন এবং অল্পদিনেই কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসেন সংসারের সবাইকে। মেয়েদের অন্তত সুপাত্রের হাতে তুলে দেয়া দরকার। ওরা কোথায় যায়, কী করে, কী পরে সব কিছু খুঁটিয়ে তদন্ত করতে লাগলেন তিনি।
সংসারটা আপনিতেই হয়তো সহজ হয়ে গিয়েছিল, শুধু মাথাব্যথাটা বহু দিন বাদে নতুন সাজে ফিরে এসেছিল। তলে তলে কোনো কিছুই থামে না বোধ হয়। কোনো এক দুপুরবেলা দ্বিতীয় দুঃসংবাদের মুখোমুখি হন তিনি। এবার আর তিনি কাঁদতে পারলেন না, চিৎকার করে বাড়ি মাথায় তুললেন। মামলা করব। দুধকলা দিয়ে কালসাপ পুষেছি। আজ পোষা সাপ ছোবল মারছে। বাকি তিন মেয়েকে তিনি খামোখাই এলোপাতাড়ি পেটাতে লাগলেনÑ তোদেরকে আজ মেরে ফেলব, চোখের সামনে ভালো মানুষ সেজে থাকিস! একদিন তোরাও বড় দুইটার মতো পালিয়ে যাবি। মুখে চুনকালি পড়ার আগে তোদের মেরে ফেলব…। হামিদাও কেঁদেকেটে অস্থির হলেনÑ আগে জানলে, জন্মের পর মুখে লবণ দিয়ে রাখতাম। এই তোদের ধর্ম…। পর পর দুটো মেয়ে পালিয়ে বিয়ে করার পর, কাউকে না জানিয়ে সংসারের ভেতরটা বোধহয় অজান্তেই মরতে শুরু করেছিল। কথা নেই, বার্তা নেই একদিন আচমকাই মাথাটা চক্কর দিয়ে উঠল। ইউসুফ সাহেব ধপ করে মাটিতে পড়ে গেলেন। তারপর যখন জ্ঞান ফেরত পেলেন তখন তিনি হাসপাতালের তিনতলায়। জানতে পারলেন ইতোমধ্যেই দুটো স্ট্রোক হয়ে গেছে তার। পাকা চার ঘণ্টা অপারেশনের পর সাত দিন থেকে বাড়ি ফিরলেন বটে কিন্তু আগের মতো আর স্বাবলম্বী রইলেন না, পুরোপুরি অকেজো হয়ে গেলেন তিনি। মন্দের মধ্যেও ভালো এই যে, অপারেশনের পর মাইগ্রেনটাও উধাও হয়ে গেলে সরকার বেনিফিট দেবে।
শুরুতে হামিদাও বেশ খুশি হয়েছিলেন। কিন্তু ভেতরে ভেতরে হামিদা এত তিতে হয়ে যাবেন, কে জানত! হামিদার সেই আহাজারি আজ কোথায়! Ñএকদিন রান্না করে দ্যাখো, কত কঠিন কাজ! যখন ঘরে বসে থাকো, তখন তো একটু হেল্প করলেও পারো। সেই হামিদাই এখন চুলার পাশে গেলে বিরক্ত হচ্ছেন। ইউসুফ সাহেব বুঝতে পারেন, মৌলিক ঘরানায় সে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্তত রান্নাবান্নার কাজে কাউকে সে ভাগ দিতে চায় না। পুরুষ মানুষ কাজশূন্য হলে কত হাজার রকমের যে অসুবিধা হয় তা তিনি হাড়ে হাড়ে টের পেতে শুরু করলেন। রসুনের কোয়ার মতো একজোটে থাকা সংসারের সদস্যদের পারস্পরিক বন্ধনগুলো কিভাবে দিনে দিনে অসার হয়ে গেল! অথচ ইউসুফ সাহেব এই জিনিসটাই চাননি কোনো দিন। তিনি চেয়েছিলেন ছেলেমেয়েরা বিয়ে করে সংসারি হবে। নাতিপুতি আত্মীয়-স্বজনে ফুলে-ফলে টইটম্বুর হয়ে যাবে সংসারটা। কিন্তু কিছুই হলো না। একমাত্র ছেলেটাও নাকি লিথুনিয়ান কোনো এক মেয়েকে ভালোবেসে ফেলেছে। নেশাফেশাও করে আজকাল। মুঠো খুলে কিছু পড়তে শুরু করলে আর সহসা থামে না। ইউসুফ সাহেব হাল ছেড়ে দিলেন। হামিদাকেই কেবল অবশিষ্ট রেখেছিলেন। আর যাই হোক স্ত্রী তো! দুনিয়ার আর সবাই এক এক করে চলে গেলেও হামিদা অন্তত যাবে না বরং এই অনাচারের সময় সে হয়তো আরো গভীর হয়ে পাশে থাকবে। অথচ হামিদা অন্যরকম হয়ে গেছেন। দীর্ঘকালীন এই সংসারে কত রকমের যে ঢেউ ওঠে! জীবন বোধহয় অভিজ্ঞতা দিতে কাউকেই তেমন কার্পণ্য করে না। হামিদার দিকে চেয়ে আজকাল ইউসুফ সাহেব নানা কথাই ভাবেন, একা একা ছবি করেনÑ এই কি সেই তরুণী, যার জন্য তিনি দিনরাত সমান করে দিয়েছিলেন। দিনকে দিন মনে করেননি, রাতকে রাত মনে করেননি। ইউসুফ সাহেব মেলাতে পারেন না, পুনরায় ভাবেনÑ এই কি সেই রমণী, একদিন যার মাথার চুলে তিনি পরম মমতায় বেণী করে দিতেন। একটু না হয় রাগী ছিলেন, তাই বলে তো হামিদাকে কম ভালো বাসেননি তিনি! কোনো আহাদটা তার বাকি রেখেছেন তিনি! এমনকি বাড়িটাও লিখে দিয়েছেন তিনি। হামিদার কি সেসব মনে পড়ে না! নিশ্চয়ই মনে পড়ে।
হাসপাতাল থেকে ফেরার পর প্রথম প্রথম বেশ ঝগড়া হতো। এখন হয় না। হামিদাকে আর আগের মতো রাগানো যায় না। তিনি কোনো কিছুতেই প্রতিবাদ করেন না। বুদ্ধিমতি মেয়ে। যা বোঝার হয়তো বুঝে গেছেন। ইউসুফ সাহেব যখন বকে যান তখন হামিদা যেন বেতনভুক কর্মচারী। একতালে শুনে যান, কোনো মন্তব্য করেন না। কারণও আছে হয়তো। হামিদার বিশ্বাস মানুষ আসলে বদলায় না, পরিস্থিতির চাপে পড়ে খানিকটা গুম ধরে থাকে মাত্র ইউসুফ সাহেব একেবারেই বোঝেন না, তা নয়। সব কিছু যেতে যেতে এই একমাত্র হামিদাই তো কোনোমতে টিকে আছে!
ভেতরে ভেতরে অসহায় ইউসুফ সাহেব ইদানীং তাই সতর্কতার সাথে বিনা তর্কে কথা বলতে চান। কিন্তু তারা কেউ-ই আর টাইপ করা রুটিন থেকে বের হয়ে আসতে পারেন না। ফলে রান্নাবান্না টেলিফোনালাপ আর হিন্দি সিরিয়াল দেখার পর যেটুকু সময় এক্সট্রা হাতে থাকে, তার প্রায় সবটুকুই হামিদা ঢেলে দেন বিড়াল মিল্কির পেছনে। ইউসুফ সাহেবেরও একই অবস্থা। তিনি প্রথমে খবরের কাগজ পড়ে নাস্তানাবুদ করেন, তারপর কেউ গায়ে না লাগালেও তিনি খামোখা সংসারে কিছু ধর্মীয় এবং রাজনৈতিক আলোচনা করেন। তারপর বাকি সময়টুকুর পুরোটা ব্যয় করেন বাগানের পেছনে।
ইউসুফ সাহেব ভাবনাগুলো মাথায় করে আপেলতলায় আরো কিছুক্ষণ বসে থাকেন। একসময় চায়ের কাপটা রেলিংয়ের ওপরে আলতো হাতে সরিয়ে রাখেন। তারপর গলাটা উটপাখির মতো খানিক উঁচু করেন। আর তখনই হামিদাকে একঝলক দেখতে পান। কোলের ওপর মিল্কিকে এক হাতে সামলাতে গিয়ে কোনো মতে আরেক হাতে পেপারটা টেবিলের ওপর রেখে মুহূর্তে ড্রয়িংরুমের দিকে চলে যান। ইউসুফ সাহেব দেরি করেন না। টাটকা খবরের কাগজ ছোঁয়ার জন্য টেবিলের দিকে পা বাড়ান।










