বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিদেশী নাগরিকের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ

news-image

ঢাকায় ইতালী নাগরিক ও রংপুরে জাপানী নাগরিক নিহত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন প্রকল্পে কর্মরত শতাধিক বিদেশী নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার সকাল থেকে তাদের কর্মস্থল ও বাসস্থান এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা। এ ব্যাপারে বিদেশী নাগরিকদের সাথে এক বৈঠকে তাদের চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে নিরাপত্তা টিপস দিয়েছেন পুলিশ সুপার।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্মাণাধীন ৪টি বিদ্যুৎ ইউনিট প্রকল্প, আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন প্রকল্প ও ২য় ভৈরব রেল সেতু নির্মাণ প্রকল্পে কোরিয়া, জাপান, স্পেন ও ভারতসহ বেশ কয়েকটি দেশের শতাধিক নাগরিক কর্মরত রয়েছেন। এ সব বিদেশী নাগরিকের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রকল্পের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও চাহিদা মোতাবেক পুলিশ টহল রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত শনিবার সন্ধ্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে উল্লিখিত প্রকল্পের প্রধান ও কর্মরত বিদেশী নাগরিকদের নিয়ে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশী নাগরিকদের সাবধানতার সঙ্গে চলাফেরা করতে, রিকশায় না চড়তে এবং একা বের না হওয়া বা প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া জেলা পুলিশ প্রশাসন রবিবার সকাল থেকে বিদেশী নাগরিকদের কর্মস্থল ও বাসস্থান এলাকায় নির্ধারিত টহলের বাইরে পুলিশ টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (অর্থ) মো. সরাফত আলী বলেন, পুলিশ সুপার সংশ্লিষ্ট বিদেশীদের চলাফেরায় সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। তাদের কর্মস্থল ও আবাসন এলাকায় পুলিশি টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা টিপসও দেওয়া হয়েছে।