জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। বুধবার ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ।
ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় ৬টি দেশ। ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। বৃহস্পতিবার ঢাকায় পাওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর ফলে বাংলাদেশ এবং আশ্রয়দাতা এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
বক্তব্যে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন তিনি। তার প্রত্যাশা, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও অপরাধের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং অপরাধের বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের যৌথ মানবিক সহায়তা পরিকল্পনাসহ রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির কথাও বলা হয়েছে।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিশ্চিত করতে হবে।
এদিকে প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির দাবি জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের নীতিগত আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।











