আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। গত ১৪ নভেম্বরও স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও কমেছে। সেগুলো হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা, ২১ ক্যারেট ২৭৫ টাকা, ১৮ ক্যারেট ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।











