এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়া বন্ধ করতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন। নাগরিকেরা যেন প্রয়োজনীয় সেবা পেতে অযথা ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অল্প কাগজপত্রের মাধ্যমে সহজে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন তাঁর কাছে এনআইডি-সংক্রান্ত ছয় থেকে সাতটি আবেদন আসে। অনেকেই ছয় মাস, ১০ মাস কিংবা কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি তাঁকে বিব্রত করে।
আবেদন নিষ্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আবেদন জমা হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে খুদে বার্তা পাঠিয়ে তা গ্রহণের বিষয়টি জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করতে হবে। পাশাপাশি আবেদনের জন্য মেমো বা সিরিয়াল নম্বর দেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে নাগরিকেরা সহজে আবেদনের অগ্রগতি জানতে পারেন।
সিইসি আরও বলেন, এনআইডি-সংক্রান্ত সমস্যায় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধ করতে হবে। নাগরিকদের সেবা নিশ্চিত করাই হতে হবে কর্মকর্তাদের প্রধান লক্ষ্য।
গ্রামাঞ্চলের বয়স্ক ও প্রযুক্তিতে অনভিজ্ঞ মানুষের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। সবার পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা সম্ভব নয়। তাই তাঁদের জন্য সহজ বিকল্প সেবার ব্যবস্থা করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণের সীমাবদ্ধতা থাকলে বিকল্প উপায়ে নাগরিকদের কাছে প্রয়োজনীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়ার বিষয়েও কর্মকর্তাদের পরামর্শ চান প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। তাই সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সহজ ও স্পষ্ট করতে হবে, যাতে মানুষ অযথা হয়রানির শিকার না হন।
কর্মশালায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে