ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে ২০ নভেম্বর দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। উপকূল অতিক্রমের সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকার কথা বলা হয়েছে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।











