ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মঙ্গলবার রাতে একাধিক স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের তথ্য মেলেনি। তবে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় বাসগুলোতে আগুন দেওয়া হয়।
রাত ৮টা ৫০ মিনিটে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাত ১১টা ১৫ মিনিটে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া মিরপুর চিড়িয়াখানা রোডেও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাসে আগুনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১০টা ২০ মিনিটে কোতোয়ালি এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
যাত্রাবাড়ীতে রাত ৮টা ৪০ মিনিটে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।
মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদগেট, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে, বসিলার এসআরবি-২ কার্যালয় এবং রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া আদাবরের শিয়া মসজিদ এলাকায় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে