জয়পুরহাট জেলার একটি কোরবানি পশুরহাটের দৃশ্য!
জয়পুরহাট প্রতিনিধি : কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে জয়পুরহাটের পশুর বাজারগুলো ততই জমে উঠছে। তবে হাটগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।
স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকলেও পশুর হাট বাজারগুলোতে তার চিত্রটা একেবারেই উল্টো।
ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়রা অনেকেই বলছেন, পশুর হাট নয়, এ যেন করোনার হাট। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নানা রকম নির্দেশনা দেওয়া থাকলেও জয়পুরহাটের তিলকপুর কোরবানির পশুরহাটসহ অন্যান্য হাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়রা। হাট ইজারাদারদের সরকারের স্বাস্থ্য বিধির নির্দেশনা মেনে হাট পরিচালনা করতে হবে কিন্তু হাটগুলোতে দেখা যাচ্ছে পশুর চেয়ে প্রায় দশ গুণ মানুষ বেশি। মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বা হাত ধোয়ার তেমন কোনো ব্যবস্থায় নেই।
আক্কেলপুর তিলকপুর হাটে গরু ক্রেতা-বিক্রেতা সোয়ায়েব হোসেন, মোকছেদ, মোতাউল ইসলাম, রমজান বলেন, আমরা গরুর হাটে ঢুকতে পারছি না। এতো মানুষ! মানুষের উপর মানুষ! মাস্ক নাই, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বা হাত ধোয়ার তেমন কোন ব্যবস্থা নেই। এখানে অধিকাংশ লোকজনের মাস্ক নাই বা স্বাস্থ্য বিধি মানার কারও কোনো নিয়ম নেই।
তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও হাট কর্তৃপক্ষের তৎপরতা না থাকার কারণে এই পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা তো পশুর হাট নয়, যেন করোনার হাট। এমন অবস্থা চলতে থাকলে করোনাভাইরাস আরো বেড়ে যাবে। প্রশাসনকে শক্তভাবে নজর দেওয়া উচিত।
আক্কেলপুর তিলকপুর হাট ইজারাদার রুহুল আমিন হিটলার দেশ রূপান্তরকে স্বাস্থ্য বিধি না মানার কথা অস্বীকার করে বলেন, ৮৮ লাখ ৮৮ হাজার টাকা দিয়ে এ হাটটি ডেকে নেওয়া হয়েছে। এবারে ব্যবসা খুবই খারাপ। স্বাস্থ্যবিধি মেনেই কোরবানির পশুর হাট চালানো হচ্ছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাসিবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, হাট ইজারাদারদের নিয়ে মিটিংয়ের মাধ্যমে প্রত্যেকটি হাটের জন্য মনিটরিং টিম করে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন সেলিম মিয়া দেশ রূপান্তরকে বলেন, কোরবানি পশুর হাটসহ বাজারের দোকানগুলোও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধির কঠোর নির্দেশনা দেওয়া আছে। আমাদের জেলার সর্বোচ্চ মিটিংয়ে সিদ্ধান্ত আছে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা যেতে পারে।











