বকেয়া বেতন নিয়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষ : ১৪ জন আহত
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে রনক স্পিনিং মিলে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ সময় পুলিশ ও শ্রমিক সংঘর্ষে পুলিশসহ ১৪ জন আহত হন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফা দফায় এই সংঘর্ষ চলে।
শ্রমিকদের নিক্ষেপ করা ইট-পাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য এবং লাঠিচার্জ ও রাবার বুলেটে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
এ ঘটনার পর শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আশ্বাস দিয়ে রনক স্পিনিং মিলের জিএম ও প্রডাকশন ম্যানেজারকে প্রত্যাহার করা হলে দুপুর ২টায় শ্রমিকরা কাজে যোগ দেন।
জানা গেছে, শেরপুর উপজেলার ভবানীপুরে রনক স্পিনিং মিলে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে কিছুদিন মিল বন্ধ রাখার পর আবারও চালু করা হলে শ্রমিকরা কাজে যোগ দেয়।
গত মাসের বেতন ও ঈদের আগে বোনাসের দাবি করে আসলেও তারা কোনো আশ্বাস না পেয়ে বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
এক পর্যায়ে শ্রমিকরা সেখানে ভাঙচুর শুরু করলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্রমিকরা পিছু হটলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও রনক স্পিনিং মিলের কর্পোরেট জিএম আবদুল কাদের বৈঠকে বসেন।
বৈঠক শেষে শ্রমিকদের দাবি মেনে নেওয়া ছাড়াও সংঘর্ষে আহত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা শান্ত হয় কাজে যোগদান করেন।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বেতন-বোনাসের আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।











