বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যান ঘোষণা আগামী সপ্তাহে

khaleda-01বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব ঘোষণার পর ১৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি সম্পর্কে জানানো হয়। আগামী সপ্তাহের শুরুতে অথবা চলতি মাসের শেষদিকে তৃতীয় ধাপে বিএনপির নতুন জাতীয় নির্বাহী, স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হতে পারে।
দলের একাধিক সূত্র থেকে এমন আভাস পাওয়া গেছে। জানা গেছে, তৃতীয় ধাপে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানদের মনোনয়ন প্রায় চূড়ান্ত করে ফেলেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চলছে শেষ মুহূর্তের যাচাই-বাছাইয়ের কাজ। একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বিপাকে পড়েছেন। কষছেন নানা ধরনের হিসাব-নিকাশ। প্রবীণ নেতাদের সঙ্গে নবীনদের সমন্বয় করবেন নাকি প্রবীণদের বাদ দিয়ে স্থায়ী কমিটি ঢেলে সাজাবেনÑ এমন নানা প্রশ্নের হিসাব মেলাতে হচ্ছে তাকে।
বিএনপি চেয়ারপার্সনের ঘনিষ্ঠ একজন মানবকণ্ঠকে জানিয়েছেন, স্থায়ী কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে না। অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নেতাদের সম্মানের সঙ্গে সরিয়ে তাদের স্থলে নতুন সদস্য মনোনীত করা হবে। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯।
২০০৯ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৯ করা হয়। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও ড. আর এ গণি ইন্তেকাল করেছেন। ফলে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই তিনটি পদ শূন্য রয়েছে। স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান ও এম শামছুল ইসলাম দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। জানা গেছে, শারীরিকভাবে অক্ষম স্থায়ী কমিটির এই দু’জন নিজে থেকেই অব্যাহতি নিতে পারেন।
এই দু’জন অব্যাহতি নিলে স্থায়ী কমিটিতে পাঁচটি পদ খালি হবে। অপর একটি সূত্র জানায়, বর্তমান স্থায়ী কমিটির সক্ষম এক-দু’জন সদস্যকে বাদও দিতে পারে বিএনপি হাইকমান্ড। যদি দু’জনকে বাদ দেয়া হয় তাহলে স্থায়ী কমিটিতে ব্যাপক পরিবর্তন আসবে। আর পাঁচটি পদ পূরণ হলে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। স্থায়ী কমিটির পাঁচটি পদে পরিবর্তন হলে ভারতে অবস্থানরত বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নিয়োগ পাওয়া অনেকটাই নিশ্চিত মনে করা হচ্ছে। সালাহউদ্দিন আহমেদকে তার আন্দোলনে সাহসী ভূমিকার পুরস্কার হিসেবে স্থায়ী কমিটিতে জায়গা দেয়ার বিষয়টি বিএনপিতে ব্যাপক আলোচিত হচ্ছে।
অপর যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকেও স্থায়ী কমিটিতে নেয়ার কথাও শোনা যাচ্ছে। তবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হতে দলটির অন্তত ডজনের বেশি প্রভাবশালী নেতা জোর লবিং চালাচ্ছেন। স্থায়ী কমিটিতে নাম-জায়গা পেতে কেউ কেউ নিজেই নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
স্থায়ী কমিটির সদস্য হতে যারা ব্যাপক আলোচনায় রয়েছেন তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ড. ওসমান ফারুক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাদেক হোসেন খোকা, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও আবদুল আউয়াল মিন্টুর নাম শোনা যাচ্ছে। সারোয়ারি রহমান স্থায়ী কমিটিতে না থাকলে তার পরিবর্তে একজন নারীকে স্থায়ী কমিটিতে রাখার বিষয়টিও আলোচনায় আছে। সেক্ষেত্রে সেলিমা রহমান অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাসমেরি ইসলাম স্থায়ী কমিটিতে থাকতে পারেন বলে গুঞ্জন আছে।
বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, স্থায়ী কমিটিতে কারা থাকছেন এ বিষয়ে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। এ বিষয়ে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই সিদ্ধান্ত নেবেন। এখন দেখার পালা শেষ পর্যন্ত কোন কোন নেতা বিএনপির নতুন স্থায়ী কমিটিতে স্থান পান।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দলের জন্য গুরুত্বপূর্ণ ভাইস চেয়ারম্যানদের পদসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। জানা গেছে, নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান ৩৫ জন করা হতে পারে। দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদগুলোতে তরুণদের দায়িত্ব দেয়ায় প্রভাবশালী গুরুত্বপূর্ণ অনেক নেতার এবার স্থান হবে ভাইস চেয়ারম্যান পদে। তাই নেতাদের মধ্যে ভারসাম্য আনতেই ভাইস চেয়ারম্যান পদসংখ্যা বাড়ানো হচ্ছে। কারণ ইতিমধ্যে যুগ্ম মহাসচিব পদে অপেক্ষাকৃত তরুণ নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। ফলে তাদের সমকক্ষ অনেক নেতাই এখনো কমিটিতে কোনো পদ পাননি। পদপদবি বণ্টন করতে গিয়ে নেতাদের মধ্যে যাতে কোনো ক্ষোভ সৃষ্টি না হয় সে বিষয়টিও নজর রাখছেন বিএনপি চেয়ারপার্সন। তরুণ নেতাদের মধ্যে ড. আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, শামছুজ্জামান দুদু, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, জয়নাল আবদিন ফারুক, নাজিমউদ্দিন আলমকে ভাইস চেয়ারম্যান পদে দেখা যেতে পারে।
বিএনপির কমিটি গঠনের বিষয়ে গণমাধ্যমকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে কমিটি গঠনের বিষয়ে একটি ক্লিয়ার মেসেজ দিয়েছেন। তিনি আগামী নির্বাচন ও আন্দোলন দুটি বিষয়কে প্রাধান্য দিয়েই কমিটি পনুর্গঠন করছেন। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) নবীন ও প্রবীণ সমন্বয় করেই আগামীদিনের জন্য দলের নতুন নেতৃত্ব গড়ে তুলবেন। সে লক্ষ্য নিয়েই তিনি কাজ করছেন। যোগ্য ও মেধাবীরাই দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যানসহ অন্য পদগুলোতে স্থান পাবেন।
প্রায় সাত বছর পর ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও সোহরাওয়ার্দি উদ্যানের একাংশে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। যেখানে দলের নতুন নির্বাহী কমিটি গঠনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সর্বময় ক্ষমতা অর্পণ করেন কাউন্সিলররা। প্রায় এক মাসে দুই দফায় বিএনপির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ ১৮টি গুরুত্বপূর্ণ পদের নাম ঘোষণা করা হয়েছে।
এখনো স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, দলের উপদেষ্টা পরিষদ, ইস্যুভিত্তিক সাব কমিটি, সম্পাদকীয় পদ ও নির্বাহী কমিটির সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।