বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

news-image

লুৎফর রহমান কাকন
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, ডলার সংকট ও সরবরাহ ঝুঁকির প্রেক্ষাপটে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিদ্যমান নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিনের নির্দিষ্ট সরবরাহকারী নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো, জরুরি পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে দ্রুত তেল আমদানির সুযোগ তৈরি এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগ্যতা ও পণ্যের মানদণ্ড পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র বলছে, সংশোধিত নীতিমালার মাধ্যমে আমদানি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করার চেষ্টা চলছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে জ¦ালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরিশোধিত জ¦ালানি তেল আমদানির নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, বিপিসি সরকারের পক্ষে বিভিন্ন গ্রেডের জ্বালানি তেল আমদানি করে থাকে। বর্তমানে দেশের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ৭০ শতাংশ পরিশোধিত জ্বালানি তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এ ছাড়া দেশের একমাত্র পরিশোধনকারী কোম্পানি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে প্রায় ২০ শতাংশ এবং স্থানীয় ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকে প্রায় ১০ শতাংশ জ্বালানি তেল পরিশোধন করে দেশের বাজারে সরবরাহ করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর সরকার জি-টু-জি (সরকার থেকে সরকার) টার্ম কনট্রাক্ট এবং উন্মুক্ত দরপত্রের আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির পদ্ধতি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মানদণ্ড নির্ধারণসংক্রান্ত নীতিমালা সংশোধন করে। বর্তমানে সেই নীতিমালার আওতায় জ্বালানি তেল আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় বিপিসির পক্ষ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিদ্যমান প্রক্রিয়া এবং সরকারে সঙ্গে সরকারের চুক্তি বা জি-টু-জি ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা হালনাগাদ ও সংশোধনের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

জানা যায়, বিস্তারিত আলোচনার পর সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া নীতিমালায় সরবরাহকারী প্রতিষ্ঠানের আবশ্যিক ও ঐচ্ছিক যোগ্যতা এবং পণ্যের স্পেসিফিকেশন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে বিপিসি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাবে। পরে পূর্ণাঙ্গ খসড়া নীতিমালা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

বিপিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে বিপিসি কাজ করছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে জ্বালানি আমদানির নীতিমালা যুগোপযোগী করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন সহজ হবে।

বিপিসি সূত্রে জানা যায়, বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা দিন দিন বাড়ছে। শিল্প, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও কৃষি খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। এ আমদানি কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে দীর্ঘদিনের প্রচলিত নীতিমালা, সীমিত সরবরাহকারী নির্ভরতা, দরপত্র প্রক্রিয়া ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত বাস্তবতায় এখন নীতিমালা সংশোধনের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

বিপিসি বলছে, বাংলাদেশে মূলত দুই ধরনের জ্বালানি তেল আমদানি করে। পরিশোধিত জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল) এ ছাড়া অপরিশোধিত জ্বালানি তেল যা ক্রুড অয়েল হিসাবে পরিচিত। পুরো তেল আমদানির প্রক্রিয়া বাস্তবায়ন করে বিপিসি। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন বিপণন কোম্পানি ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

বিপিসি জ¦ালানি তেল ব্যবহারকারী বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষের চাহিদা নির্ধারণ করে থাকে। বিশেষ করে পরিবহন, কৃষি বা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কী পরিমাণ জ¦ালানি তেল আমদানি করতে হবে, সেগুলোর চাহিদা নির্ধারণ করে। বিশেষ করে দেশের বার্ষিক ও মাসভিত্তিক জ্বালানি চাহিদা নির্ধারণ করে। বিদ্যুৎ কেন্দ্র, পরিবহন, শিল্প ও কৃষি খাতের চাহিদা বিবেচনায় এ হিসাব করা হয়। পরে আন্তর্জাতিক দরপত্র বা জিটুজি ভিত্তিতে চুক্তি করে থাকে।

জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সাধারণত দুই ধরনের পদ্ধতি অনুসরণ করে বিপিসি; যার একটি হলো উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র, যা আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশ নেয়। দর যাচাই শেষে কম দামে ও গ্রহণযোগ্য শর্তে সরবরাহকারী নির্বাচন করা হয়। আরেকটা হলো, জিটুজি বা সরকার-টু-সরকার চুক্তি। বাংলাদেশ সরকার বা বিপিসি সরাসরি অন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। সৌদি আরবের আরামকো, আরব আমিরাত, কুয়েত পেট্রোলিয়াম, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ ধরনের চুক্তি রয়েছে সরকারের। মূল্য নির্ধারণ হয় সাধারণত আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্ল্যাটস বা সিঙ্গাপুরভিত্তিক বাজার সূচক বিবেচনায় নিয়ে। এর সঙ্গে প্রিমিয়াম, জাহাজ ভাড়া, বিমা ও অন্যান্য চার্জ যুক্ত হয়।

বিদ্যমান নীতিমালায় কী আছে

বর্তমানে পরিশোধিত জ্বালানি তেল ক্রয় ও আমদানির জন্য বিপিসির নিজস্ব ক্রয় নীতিমালা এবং সরকারি ক্রয় আইন (পিপিএ) ও বিধিমালা (পিপিআর) অনুসরণ করা হয়।

বিপিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, নীতিমালার উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে যেসব বিষয় ফলো করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক দামে ক্রয় করা। নির্দিষ্ট সময়ের জন্য টার্ম কনট্রাক্ট, সরবরাহকারীর কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই, জরুরি পরিস্থিতিতে সরাসরি ক্রয়ের সুযোগ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি চুক্তি, আন্তর্জাতিক মান বজায় রাখা। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই সরবরাহকারীকে বিশেষ সুবিধা দিয়ে আসছে বিপিসি। ফলে উন্মুক্ত দরপত্র এমন প্রক্রিয়ায় করা হয়, যেন নির্দিষ্ট সরবরাহকারী বিশেষ সুবিধা পেয়ে থাকে অথবা জ¦ালানি তেল আমদানিতে নির্বাচিত হয়।

কেন নীতিমালা সংশোধনের উদ্যোগ এ বিষয়ে জানতে চাইলে জ¦ালানি বিভাগের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিরতা, ডলার সংকট এবং সরবরাহ ঝুঁকির কারণে সরকার নীতিমালা পুনর্বিবেচনা করছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, সংশোধিত নীতিমালায় কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে; যার মধ্যে রয়েছে বিভিন্ন সরবরাহকারীদের জন্য জ¦ালানি তেল সরবরাহের সুযোগ তৈরি করা। এক বা দুই উৎসের ওপর নির্ভরতা কমিয়ে নতুন দেশ ও কোম্পানিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা রাখা। দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি আন্তর্জাতিক স্পট মার্কেট থেকেও সুবিধাজনক সময়ে তেল কেনার সুযোগ বাড়ানো। আন্তর্জাতিক বাজারে হঠাৎ মূল্যবৃদ্ধির ঝুঁকি কমাতে নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি বিবেচনায় আনা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত ও দরপত্র মূল্যায়ন ও সরবরাহকারী নির্বাচনে আরও স্বচ্ছ করার প্রস্তাব রয়েছে। প্রতিযোগিতা বাড়িয়ে আমদানি ব্যয় কমানোর লক্ষ্য।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন শাকিরা ও ম্যাডোনা

কী নিয়ে আলোচনা করলেন দুই রাষ্ট্রনেতা?