নবায়নযোগ্য বিদ্যুতে জোর মহাপরিকল্পনা সংশোধন তাগিদ
নিজস্ব প্রতিবেদক : সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (আইইপিএমপি) দ্রুত সংশোধন করে তাতে নবায়নযোগ্য বিদ্যুতের অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ জ্বালানি সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তাঁরা। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় রিজওয়ানা হাসান বলেন, জ্বালানি রূপান্তর একটি সময় স্বাপেক্ষ কাজ। এর অংশ হিসেবে আমরা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নানা নীতিমালা ও উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই কাজ চলমান রয়েছে। তাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা কমল নাকি বাড়ল এর চেয়ে মুখ্য বিষয় হলো লক্ষ্যমাত্রা পূরণ করা। কারণ, বিগত সময়ে বড় বড় লক্ষ্য নেওয়া হলেও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন হয়েছে খুবই সামান্য। সে কারণে একটি বাস্তবভিত্তিক নীতিমালা খুবই জরুরি। তিনি বলেন, আমরা প্রত্যেকটি সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছি, যা দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।
জ্বালানি খাতে ন্যায্য ও টেকসই রূপান্তরের অঙ্গীকার নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন-২০২৫। ৬ থেকে ৮ ডিসেম্বর, ঢাকার বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিতব্য এই জাতীয় সম্মেলনে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রূপান্তরের দিকনির্দেশনা নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফা, এবং সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)। কাজী মারুফুল হক আগামী নির্বাচনী প্রতিশ্রুতিতে যেন জ্বালানি রূপান্তরের বিষয়টি সবসময় থাকে, সেই বিষয়ে জোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘প্রযুক্তিগত জ্ঞান, সঠিক নীতি ও দক্ষ জনবল- এই তিনটির সমন্বয় ছাড়া কার্যকর জ্বালানি রূপান্তর সম্ভব নয়। বিদেশি পরামর্শক নির্ভরতা কমিয়ে প্রতিষ্ঠানভিত্তিক সক্ষমতা গড়ে তোলা এবং নীতি বাস্তবায়নে দেশীয় মালিকানা তৈরি করাই এখন সবচেয়ে জরুরি কাজ।’
সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতি বছর বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি দিতে হচ্ছে ৪ বিলিয়ন ডলার। এর অর্ধেক অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে দিলে পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু বিদ্যুৎ খাতের নীতিমালাগুলো নবায়নযোগ্য বান্ধব নয়। ফলে এ খাতে অগ্রগতি হচ্ছে না। দেশীয় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মহাপরিকল্পনা সাজাতে হবে। তাহলে এটি গ্রহণযোগ্য হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতে সঙ্ঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে, যার বড় একটি ছিল পলিসিগত অপরাধ। জাইকা বা বিদেশি পরামর্শকদের তৈরি মহাপরিকল্পনা কখনোই নবায়নযোগ্য এনার্জির স্বার্থ রক্ষা করবে না। সুতরাং, পরিকল্পনায় দেশীয় বিশেষজ্ঞদের বেশি যুক্ত করতে হবে।
লিড বাংলাদেশের গবেষণা পরিচালক অ্যাডভোকেট শিমনুজ্জামান বলেন, ‘জ্বালানি রূপান্তরে আইনগত স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ন্যায্য রূপান্তরে শুধু প্রযুক্তি নয়, জনগণের অংশগ্রহণ ও প্রান্তিক মানুষের অধিকার এবং সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র নিয়োগী বলেন, ‘ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের কেন্দ্রবিন্দু হতে হবে প্রান্তিক মানুষের কণ্ঠ। নারীদের জন্য জ্বালানি খাতে বরাদ্দ ও অবদান সুনির্দিষ্ট করা জরুরি।’
জাতীয় সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণের লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিলে দেশের প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে নীতি নির্ধারক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নবায়নযোগ্য জ্বালানির বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও সংবাদকর্মীসহ ২৮৩ জন প্রতিনিধি অংশ নেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ডিসেম্বরে দ্বিতীয় সম্মেলনে প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিবারের ন্যায় এবারও এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সঙ্গে বাংলাদেশের স্বনামধন্য ১৬টি সহ-আয়োজক সংগঠন।











