বাসাবাড়িতে মশার লার্ভা পেলে ২৭ এপ্রিলের পর জেল-জরিমানা: মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ কার্যক্রম শুরুর এক সপ্তাহ পর থেকে অর্থাৎ ২৭ এপ্রিলের পর থেকে ডিএনসিসির কোনো এলাকার বাসাবাড়ি কিংবা কার্যালয়ে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানার মতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডে মেয়র আতিকুল ইসলাম এ সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে আজ থেকে ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে এই সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, নিজ নিজ ঘরবাড়ি ও অফিস পরিষ্কার রাখবেন। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা হয়। ২৭ এপ্রিলের পর থেকে কোনো বাড়িতে-অফিসে এডিসের লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে।’
আতিক বলেন, সরকারি অফিসেও যদি লার্ভা পাওয়া যায়, সেই অফিসের যিনি দায়িত্বে আছেন, তার বিরুদ্ধে মামলা, জরিমানা হবে। এমনকি আমার সিটি করপোরেশনের কোনো অফিসেও যদি লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমার ক্লিয়ার মেসেজ। লার্ভা পেলে মামলা, জেল, জরিমানা হবে এবং জরিমানার টাকার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। আমাদেরকে আরও ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘আমি আগেই ঘোষণা দিয়েছি, ঈদের পর থেকে ডেঙ্গু মৌসুম শুরুর আগেই ডেঙ্গু প্রতিরোধে একযোগে ৫৪টি ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম শুরু করবো। বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি রয়েছে। তারা সবসময় আমাদের পরামর্শ দেন, সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করি।’
মেয়র আতিক বলেন, ‘আমাদের কীটতত্ত্ববিদরা বলেছেন, এখন থেকেই মাঠে নামতে। তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিনীত অনুরোধ, আপনারা সচেতন হলে জেল-জরিমানা, মামলার দরকার নেই। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। এডিস মশা জন্মাতে পারে এমন জায়গাগুলো পরিষ্কার করুন। এডিস মশা কামড় না দিলে ডেঙ্গু হবে না। সচেতন হয়ে নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন।’
মেয়র বলেন, ‘বিশেষজ্ঞদের মতে খালের ও ড্রেনের ময়লা পানিতে এডিস মশা জন্মায় না। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা জন্মায়। যেসব পরিত্যক্ত দ্রব্যাদিতে পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে সেসব দ্রব্যাদি সিটি করপোরেশন কিনে নিচ্ছে। ডাবের খোসা, পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, দইয়ের কাপ এগুলো যত্রতত্র না ফেলে ডিএনসিসির কাউন্সিলরদের কাছে জমা দিন। নগদ টাকা গ্রহণ করুন। পুরোনো টায়ার, কমোড, রঙের কৌটা এগুলো ছাদে বা বারান্দায় না রেখে আমাদের কাউন্সিলরদের কাছে জমা দিয়ে টাকা নিন।’
প্রসঙ্গত, পরিত্যক্ত দ্রব্য সংগ্রহের জন্য মূল্য তালিকা দিয়ে সিটি করপোরেশন। যেমন- চিপসের প্যাকেট বা সমজাতীয় প্যাকেট (প্রতি পিস) ১ টাকা, আইসক্রিমের কাপ, ডিসপোজেবল গ্লাস বা কাপ (প্রতি পিস) ১ টাকা, ডাবের খোসা (প্রতি পিস) ২ টাকা, কন্ডেন্স মিল্কের কৌটা (প্রতি পিস) ২ টাকা, মাটি বা প্লাস্টিক বা সিরামিক বা মেলামাইনের (প্রতি পিস) ৩ টাকা। অন্যান্য পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি (প্রতি কেজি) ১০ টাকা, পরিত্যক্ত টায়ার (প্রতি পিস) ৫০ টাকা, পরিত্যক্ত পলিথিন (প্রতি কেজি) ১০ টাকা, পরিত্যক্ত স্যানিটারি ওয়্যার কমোড, বেসিন ইত্যাদি (প্রতি পিস) ১০০ টাকা।
মেয়র আতিক বলেন, ‘ডিএনসিসির সব ওয়ার্ডে একযোগে সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক কাউন্সিলরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাউন্সিলররা নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা ও র্যালির আয়োজন করবে। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার ব্যবস্থা করবে। ডেঙ্গু প্রতিরোধে কাউন্সিলরদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ডিএনসিসির মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযান উদ্বোধন শেষে ডিএনসিসি মেয়র এডিস মশার উৎসস্থল গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড দেখিয়ে জনগণকে সচেতন করেন। এছাড়াও পরিত্যক্ত দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে ডিএনসিসি মেয়র অন্যান্য অতিথিরা, স্কাউট ও বিএনসিসির সদস্য এবং কাউন্সিলরসহ সবাইকে নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালি শেষে ডিএনসিসি মেয়র জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিখা চক্রবর্তী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।











