‘মেয়ে হারাব জানলে ভোট দিতাম না’
আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ‘গুলির শব্দে আমিসহ আরও অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করি। মার্কেটের গলিতে দাঁড়ানো স্ত্রীর কাছে এসে দেখি আমার মেয়ের মাথার খুলি গুলিতে উড়ে গেছে। আমি সেখানেই অচেতন হয়ে পড়ি।’ ছোট্ট মেয়ে আশাকে হারিয়ে বাবা মো. বাদশা এসব কথাই বলছিলেন। বড় দুই ভাইবোনের কাছে আশা ছিল জীবন্ত পুতুল। মা-বাবার ভাঙাচোরা ঘরে আলো ছিল সে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বাচোর ইউনিয়নের ফেরিওয়ালা মো. বাদশা ও মিনারা আক্তারের ছোট মেয়ে সুরাইয়া আক্তার আশা। গত বুধবার দুপুরেও ঘরের আঙিনায় খেলেছে। কিন্তু একদিন পরেই ঘরে ফিরলো আশার নিথর মরদেহ।
আশার প্রাণ গেছে মায়ের কোলেই। সন্তানের মাথার খুলি উড়ে যাওয়ার মতো বীভৎস দৃশ্য বুধবার বিকেলে দেখতে হয়েছে মিনারা ও বাদশাকে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে ছোট্ট আশার মরদেহ গতকাল বৃহস্পতিবার হস্তান্তর করেছে পুলিশ। বাবার কাঁধে চড়ে নিজ গ্রাম মীরডাঙ্গী দিঘিরপাড়ের স্থানীয় কবরস্থানে চিরঘুম দিয়েছে আশা।
আশার জানাজা পড়ছেন গ্রামবাসীরা। ছবি: আমাদের সময়
বাচোর ইউনিয়নে বুধবার ছিল ইউনিয়ন পরিষদের ভোট। বিকেলে ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষণার পর মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করে পুলিশ। সে সময় কেন্দ্রের পাশে ভাংবাড়ি বেল মার্কেটের সামনে আশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মিনারা।
সন্তানের বীভৎস মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে আর্তনাদ করছিলেন মিনারা বেগম। তিনি বলেন, ‘ঘরের কাজ সেরে শেষ সময়ে ভোট দিতে কেন্দ্রে যাই। আমার সঙ্গে আমার স্বামীও গিয়েছিলেন। দুজনেই ভোট দিয়েছি। ভোট দিয়ে আমি কেন্দ্রের বাইরে বেল মার্কেটের একটি গলিতে বাচ্চাকে কোলে নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম।’
‘সে সময় গেটের সামনে পুলিশের সঙ্গে গণ্ডগোল শুরু হয় লোকজনের। সবাই ছুটোছুটি করছিল, গুলির আওয়াজ শুনছিলাম। আমি বাচ্চা নিয়ে মার্কেটের গলিতে দাঁড়িয়ে ছিলাম ভয়ে। আমার কোলের বাচ্চার মাথার খুলি গুলিতে উড়ে যায়।’
মিনারা বলতে থাকেন, ‘মেয়েকে হারাতে হবে জানলে আমরা ভোট দিতে যেতাম না। আমি এর বিচার চাই।’
আশার বাবা বলেন, ‘ভোট দিয়ে কেন্দ্রের বাইরে কয়েকজন পরিচিত লোকের সঙ্গে কথা বলছিলাম। কিছুক্ষণ পর ফল ঘোষণা হয়। গেটের সামনে লোকজন পুলিশকে ইট-পাটকেল মারতে থাকে। পুলিশ দেখলাম তাদের পেটাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে পুলিশ গুলি করে। গুলির শব্দে আমিসহ আরও অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করি। মার্কেটের গলিতে দাঁড়ানো স্ত্রীর কাছে এসে দেখি আমার মেয়ের মাথার খুলি গুলিতে উড়ে গেছে। আমি সেখানেই অচেতন হয়ে পড়ি। আমি এর সুষ্ঠু তদন্ত চাই, আমার মেয়ে হত্যায় জড়িতদের বিচার চাই।’
সন্তানের বীভৎস মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে আর্তনাদ করছিলেন মিনারা বেগম। ছবি: আমাদের সময়
কী কারণে সংঘর্ষ?
ঘটনার সূত্রপাত জানতে ভোটে জয়ী মেম্বার প্রার্থী বাবুল হোসেনের সঙ্গে কথা হয়।
বাবুল হোসেন বলেন, ‘ফল পাওয়ার পর আমিসহ আমার সমর্থকরা উপজেলা সদরে চলে আসি। সেখানে এসেই জানতে পারি, আমার ফল না মানতে বিশৃঙ্খলা চলছে এবং গুলিতে একজন নিহত হয়েছে।’
‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল মার্কার আজাদ আলী ও মোরগ মার্কার খালেদুর রহমান আমার জয় মেনে নিতে পারেননি। কারণ আমি দুইবার নির্বাচনে তাদের পক্ষে কাজ করেছি। তারা দুইবার মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এবার আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করি এবং জয়ী হই। তারা আমার প্রতি হিংসাত্মক ছিলেন। তাই তাদের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করে।’
আজাদ ও খালেদুরকে বৃহস্পতিবার তাদের এলাকায় পাওয়া যায়নি; মোবাইল ফোনও ছিল বন্ধ।
যা বলছে পুলিশ
জেলা পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সারা দিন সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফল ঘোষণা শেষে কেন্দ্র ত্যাগ করার সময় পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা আমাদের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর হামলা করে।’
‘কিছু সময় পর পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে যায়। আমাদের সদস্যদের ওপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এতে পরিবেশ আরও বেশি খারাপ হওয়ায় জান-মাল রক্ষায় পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।’
শিশু আশার মরদেহ নিয়ে বুধবার রাতে থানা ঘেরাও করে স্থানীয়রা। এ সময় সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন জানিয়ে এসপি বলেন, ‘শিশুটি কীভাবে মারা গেল তা এখনও জানা যায়নি। এর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের শটগান দিয়ে রাবার বুলেট ছুড়লে সাধারণত ছোট ছোট ছিদ্র হয়। যেহেতু তদন্ত কমিটি হয়েছে, তারা তদন্ত করুক। তদন্ত প্রতিবেদন আসলে বোঝা যাবে। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। করা ঠিক হবে না।’
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, আশার ময়নাতদন্ত হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল বিকেলে আশার জানাজা ও দাফন হয়। জেলা প্রশাসক (ডিসি) মো. মাহাবুব রহমান জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পরিবারটিকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।










