বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনের মাথায় ফাটল সড়কে!

news-image

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার টেংরামারী বাজার-কোদলাপাড়া মোড় ভায়া শেখপাড়া সড়কের সিংহভাগ সংস্কার কাজ এক মাস আগে শেষ হয়। এরপর ২০ দিন আগে সড়টির পিচের কাজ সম্পন্ন হয়। কিন্তু পিচের কাজের তিনদিনের মাথায় সড়কে দেখা গেল ফাটল। এদিকে উপজেলা প্রকৌশলী সড়কের পিচ ফাটলের বিষয়টি মানতে নারাজ।

টেংরামারী বাজার-কোদলাপাড়া মোড় ভায়া শেখপাড়া তিন হাজার ২০০ মিটার দীর্ঘ সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। স্থানীয়দের দাবির মুখে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। ছয় মাস আগে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারের কাজ শুরু হয়। বর্ষণ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ওই প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করেন সিদ্দিক নামে এক ব্যক্তি।

সড়কটিতে খোয়া দেয়া শেষে বর্ষার কারণে কয়েক মাস কাজ বন্ধ থাকে। এরপর এক মাস আগে পিচ দেয়ার প্রস্তুতি নেন ঠিকাদার। সড়কের মাটি পরিষ্কার না থাকায় পিচের কাজ বন্ধ করেন স্থানীয়রা। তখন মাটিযুক্ত অপরিচ্ছন্ন সড়কের ছবি তুলে তারা ফেইসবুকে স্ট্যাটাস দেন। ফেইসবুকের মাধ্যমে বিষয়টি ইউএনও’র নজরে আনেন তারা। কিন্তু তাদের প্রচেষ্টা কোনো কাজে আসেনি।

কয়েকদিন বন্ধ থাকার পর ১৫-২০ দিন আগে আবার সড়কে পিচের কাজ শুরু করেন ঠিকাদার। যা এক সপ্তাহ আগে শেষ হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার তিন থেকে চারদিন পরেই পিচ ফেটে গেছে।

বুধবার সকালে সরেজমিন দেখা যায়, মহিতোষের ভাঙা মিল হতে আধা কিলোমিটার দূরে ২০-২৫ ফুট পিচ ফেটে গেছে। পিচ যেখানে ফেটেছে, সেখানে প্রায় ১৫ দিন আগে পাকাকরণের কাজ শেষ হয়েছে। যথাযথভাবে সড়ক পরিষ্কার না করে পিচ দেয়ায় সড়ক ফেটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার সিদ্দিক নিজেই পিচ ফাটার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, চার থেকে পাঁচদিন আগে ৫০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রাক ঢোকায় সড়কের ২০-২৫ ফুট পিচ ফেটেছে। ট্রাক ঢোকার পরপরই পিচ ফাটা দেখেছি। এ মুহূর্তে আর পিচ ঠিক করার সুযোগ নেই।

উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শেখপাড়া সড়কটি ফাটল ধরার কথা না। উপজেলার সব সড়ক থেকে এ সড়কের কাজে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আমি উপস্থিত থেকে কাজ করিয়েছি। নিজে সড়ক দেখে আসব।

মণিরামপুরের ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলা হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা