সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

news-image
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং ইসরায়েল-লেবানন সংঘাতের প্রভাব জ্বালানি বাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সোমবার প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের মূল্য ২ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৩ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, অঞ্চলজুড়ে চলমান সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ফলে তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কিছু রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ স্থাপনায় হামলার ঘোষণা দেয়। এর জবাবে ইরানও সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে। দুই পক্ষের এমন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে সম্ভাব্য চুক্তি পর্যালোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি কার্যকর হলে বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আরও আলোচনার সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরেও উদ্বেগ রয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই নৌপথ দিয়ে পরিচালিত হয়। নৌপথে চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।