শোলাকিয়ার হামলা জঙ্গিবাদের নতুন মাত্রা
নিউজ ডেস্ক : গুলশানে জঙ্গিদের নৃশংসতম বর্বরতার ধাক্কা ও শোক কাটিয়ে ওঠার আগেই শোলাকিয়ায় আঘাত হানার যে দুঃসাহস জঙ্গিরা দেখাল, তাতে বিস্মিত না হয়ে পারা যায় না। গুলশান হামলার পর স্বভাবতই ধারণা করা যায়, নিরাপত্তা বাহিনী দেশব্যাপী বাড়তি সতর্কতায় জাগ্রত থাকবে। সুতরাং, শোকে ম্রিয়মাণ হলেও উৎসবের দিন আতঙ্ককে পরাস্ত করার একটা চেষ্টা সবার মধ্যেই ছিল। শোলাকিয়ায় জমায়েত হয়েছিল কয়েক লাখ মানুষ। কিন্তু সেই আশাবাদ আবারও ধাক্কা খেয়েছে। এখন তাই যেসব প্রশ্নের জবাব প্রয়োজন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এই হামলার মোটিভ বা উদ্দেশ্য অনুধাবন করা। দেশের বৃহত্তম ঈদ জামাতকে লক্ষ্য করে জঙ্গিদের হামলার পরিকল্পনা কি শুধু তাদের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ, নাকি বাস্তবে তারা এখন এতটাই সংগঠিত যে এই হামলার মাধ্যমে তারা সন্ত্রাস ছড়ানোর এক নতুন অধ্যায়ের সূচনা করল?
জঙ্গিদের আইএস বা আল-কায়েদার সঙ্গে যোগাযোগ থাকুক আর না-ই থাকুক, তারা দেশজ (হোমগ্রোন) অথবা বিদেশি উৎসাহ বা পৃষ্ঠপোষকতা পেয়ে থাকুক বা না থাকুক, একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় তা হলো সবাইকে চমকে দেওয়ার ক্ষমতা। একের পর এক পুরোহিত, যাজক, শিয়া ইমামসহ ভিন্নধর্মাবলম্বীকে হত্যার ঘটনায় যখন এক ধরনের প্রবণতা বা ট্রেন্ড স্পষ্ট হয়ে উঠছিল, তখন হামলার লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হলো বিদেশিদের। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় বিদেশিদের জিম্মি করে যে নৃশংসভাবে হত্যা করা হলো, তা কারোরই কল্পনায় ছিল না। কিন্তু এবার তার চেয়েও বড় চমক তৈরি হলো হামলার লক্ষ্যস্থল হিসেবে ঈদের জামাতকে বেছে নেওয়ায়।
গুলশানের হামলার যেসব খণ্ডচিত্র পাওয়া যায় সেগুলো সত্য হলে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা হতে পারে, ধর্মীয় বিধিবিধান ও আচার পালনকারী মুসলমানেরা জঙ্গিদের আক্রমণের শিকার হবেন না বা হওয়ার আশঙ্কা কম। কিন্তু, শোলাকিয়ার ঘটনায় তার উল্টোটাই প্রমাণিত হচ্ছে। পুলিশি নিরাপত্তা চৌকিতে বাধাপ্রাপ্ত না হলে এই হামলাটি লাখো মুসল্লির জামাতে সংঘটিত হওয়ার আশঙ্কাই ছিল প্রবল। সেদিক থেকে জঙ্গিদের কৌশলে এটি এক নতুন মাত্রার সংযোজন। স্পষ্টতই এখন ধরে নেওয়া যায়, মুসলমানেরাও জঙ্গিদের টার্গেট।
শোলাকিয়ায় হামলার বিষয়ে যেসব বিবরণ পাওয়া যাচ্ছে তাতে ইঙ্গিত মেলে, হামলাকারীদের নেটওয়ার্ক দেশের অনেক জায়গাতেই বিস্তৃত। সন্দেহভাজন যেসব হামলাকারী ধরা পড়েছেন এবং নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে, তাঁদের পরিচয় থেকে এক ধরনের সাংগঠনিক প্রস্তুতিরও আভাস মেলে। একাধিক জেলার বাসিন্দা এসব সন্দেহভাজন ব্যক্তি আদর্শিকভাবে সংগঠিত না হয়ে থাকলে এ ধরনের অভিযানে অংশ নেওয়ার প্রশ্ন উঠত না। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আটক অন্তত একজন সন্দেহভাজন ব্যক্তির বক্তব্যে জানা যাচ্ছে, তিন দিন আগেই তাঁরা ঘটনাস্থল রেকি করেছেন। আটক হওয়া লোকজনের কাছ থেকে এখন রহস্যের অনেক কিছুই উদ্ঘাটন সম্ভব হতে পারে। আর, সে কারণেই বিদগ্ধ নাগরিকদের অনেকে সন্দেহভাজন ব্যক্তিদের ক্রসফায়ারে না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি খোলামেলা আহ্বান জানিয়েছেন।
শোলাকিয়ার হামলার ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এর ২৪ ঘণ্টা পরও কোনো গোষ্ঠীর কাছ থেকে এর কোনো দায় স্বীকারের কথা শোনা যায়নি। শোলাকিয়ার এই ঈদ জামাতে কয়েক বছর ধরেই ইমামতি করে আসছেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। এবারও তাঁরই ইমামতি করার কথা ছিল। মাওলানা মাসউদ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং সম্প্রতি তিনি আরও লাখ খানেক ওলামার সই নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে এক ফতোয়া জারি করেছেন। মাওলানা মাসউদ সংবাদমাধ্যমের কাছে বলেছেন, তাঁর আশঙ্কা তাঁকে উদ্দেশ্য করেই এই হামলার চেষ্টা হয়ে থাকতে পারে। হামলার সময় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জে পৌঁছালেও পুলিশ নিরাপত্তার কারণে তাঁকে ঈদগায় যেতে না দিয়ে ঢাকায় ফিরিয়ে নিয়ে গেছে। তাঁর কথায় মনে হয়, ফতোয়া জারির কারণেই তাঁকে টার্গেট করা হয়ে থাকতে পারে। তবে, ফতোয়া জারির কারণে তিনি টার্গেট হয়ে থাকলে জঙ্গি গোষ্ঠীগুলো ছাড়াও আরও কেউ কি সন্দেহের তালিকায় পড়তে পারেন? কেননা, অন্য কিছু আলেম তাঁর ফতোয়া দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
দেশের সাম্প্রতিক এসব জঙ্গি হামলাকে সরকার এত দিন বিরোধী দল বিএনপি-জামায়াতের সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে অভিহিত করে এসেছে। কেউ কেউ ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের’ কথাও বলেছেন। তাঁদের অনেকের বক্তব্যেই ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্বে ইসলামি সন্ত্রাসবাদের জন্ম এবং তার বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে তাঁরা বলতে চেয়েছেন, বাংলাদেশে তারা তাদের সামরিক উপস্থিতির অজুহাত খুঁজছে। গুলশানের সন্ত্রাসী হানার পর তারা নতুন বাস্তবতায় জেগে উঠতে শুরু করেছে। কেননা, বিদেশিদের নিরাপত্তার বিষয়ে এখন সরকারের ওপর চাপ আরও বেড়েছে। প্রথম আলো











