ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নেন। এতে ওই এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনা তৈরি হয়। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে জয়দেবপুর ও নাওজোড় এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। তবে ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।











