বিদেশিদের গ্রিন কার্ডে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন করতে নতুন বিধিনিষেধের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের জন্য প্রয়োজনীয় পার্ম (PERM) প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চায় দেশটির শ্রম বিভাগ। প্রস্তাবটি কার্যকর হলে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গবেষণাসহ বিভিন্ন খাতে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া কঠিন হতে পারে।
বর্তমান নিয়মে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে দেখাতে হয়, সংশ্লিষ্ট পদে উপযুক্ত ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন কর্মীদের বেতন বা কর্মপরিবেশের ক্ষতি হবে না, সেটিও নিশ্চিত করতে হয়।
নতুন প্রস্তাবে এসব শর্ত আরও কঠোর করার কথা বলা হয়েছে। আগে কিছু পেশা বিশেষ সুবিধা পেলেও নতুন নিয়মে পেশাদার নার্স ও বিশেষ দক্ষতাসম্পন্ন বিজ্ঞানীদেরও অতিরিক্ত বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।
এ ছাড়া চাকরির বিজ্ঞপ্তি আরও বিস্তৃতভাবে প্রচারের জন্য নিয়োগদাতাদের আধুনিক ইলেকট্রনিক মাধ্যম ব্যবহারে গুরুত্ব দিতে হবে। কোনো প্রতিষ্ঠান একই ধরনের পদে কর্মী ছাঁটাই করার দুই বছরের মধ্যে সেই পদে বিদেশি কর্মীর জন্য পার্ম সনদের আবেদন করতে পারবে না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও কয়েকটি আইটি আউটসোর্সিং কোম্পানির পার্ম কর্মসূচি ব্যবহারের সুযোগ সীমিত করার পদক্ষেপও নিয়েছিল মার্কিন সরকার।
প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর জনসাধারণের মতামত দেওয়ার জন্য ৬০ দিন সময় রাখা হবে। মতামত পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্লেষকদের ধারণা, নতুন বিধিমালা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি দক্ষ কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স ও যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ।











