আশুগঞ্জের সংঘর্ষের ঘটনায় ১৭ জন আটক
নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বগৈর ও খড়িয়ালা গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বগৈর ও খড়িয়ালা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর গ্রামের নাহরিন নামের এক নারী একই ইউনিয়নের পার্শ্ববর্তী খড়িয়ালা গ্রামের আবু তালেবের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে বাক-বিতন্ডা হয়। পরে ওই নারী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে গত সোমবার বিকেলে বগৈর গ্রামের লোকজনের সঙ্গে খড়িয়ালা গ্রামের লোকজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকালে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বগৈর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৪০) মারা যান। এছাড়া সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন।











