আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল
অনলাইন ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার চার দিন পর ক্লাবের জার্সিতে মাঠে নেমেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শনিবার ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে গোল করার পর ৩৯ বছর বয়সী মেসি ক্লাবের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ম্যাচের ৪৭ ও ৬০ মিনিটে গোল দুটি করেন তিনি। চলতি লিগে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে এটি মায়ামির দ্বিতীয় জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। প্রথমার্ধে দুই গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মান বেরতেরামের পাস থেকে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন তিনি। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের অবস্থান আরও শক্ত করেন সুয়ারেজ। চলতি মৌসুমে এটি তাঁর ১৬তম গোল।
দ্বিতীয়ার্ধে মেসির জাদুতে ব্যবধান আরও বাড়ে। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে নিজের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন তারকা। এরপর ৬০ মিনিটে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে দ্বিতীয়বার জালের দেখা পান তিনি। তাতেই বড় জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়ের ফলে ১৩ জয়, ১০ ড্র ও ৫ হারে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।
টানা দুই মৌসুমে লিগ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মেসি। ২০১১ ও ২০১২ সালের পর টানা দুই মৌসুমে এই কৃতিত্ব অর্জন করা প্রথম দল হতে চায় মায়ামি। এর আগে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি সর্বশেষ এই কীর্তি গড়েছিল।
ব্যক্তিগত পারফরম্যান্সেও চলতি মৌসুমে এগিয়ে রয়েছেন মেসি। লিগে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ২৩। সতীর্থদের দিয়ে আরও ১৩টি গোল করিয়েছেন তিনি। গোল ও গোলে সহায়তা মিলিয়ে লিগে সর্বোচ্চ অবদান রাখা এই তারকার সামনে রয়েছে টানা তৃতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জয়ের লক্ষ্য।










