ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’
লাইফস্টাইল ডেস্ক : উৎসব-পার্বণ কিংবা বিকেলের নাস্তায় নতুন কিছু মিষ্টি মুখ করাতে চান? চালের পায়েস কিংবা সেমাই তো প্রায়ই খাওয়া হয়, তবে কেমন হয় যদি খুব সহজেই তৈরি করা যায় চিড়া ও মুগ ডালের অনন্য স্বাদের ক্ষীর? নলেন গুড় কিংবা খেজুরের গুড়ের খাঁটি সুবাসে এই ক্ষীর ছোট-বড় সবার মন জয় করে নেবে মুহূর্তেই। চিড়া ও ভাজা মুগ ডালের পুষ্টিগুণে ভরপুর এই মিষ্টি পদটি যেমন সুস্বাদু, তেমনই সহজে তৈরি করা যায়।
চলুন জেনে নেওয়া যাক মুখে জল আনা এই ‘চিড়া-মুগ ক্ষীর’ তৈরির সহজ রেসিপি।
উপকরণ
ঘি ২ টেবিল চামচ, কুচোনো নারকেল ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, কাজু ২ টেবিল চামচ, মোটা চিড়া ১ কাপ, মুগ ডাল আধা কাপ, দুধ ১ লিটার, গুড় গুঁড়ো ১ কাপ এবং এলাচ গুঁড়ো আধা চা চামচ।
প্রণালি
প্রথমে একটি বড় কড়াইয়ে ঘি গরম করে নারকেল কুচি, কিশমিশ ও কাজু হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে মোটা চিড়া দিয়ে কম আঁচে ভাজুন। চিড়া মচমচে ও সুগন্ধি হয়ে এলে নামিয়ে রাখুন। মুগ ডাল অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর এক চা চামচ ঘিতে ডাল হালকা ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে দুধ ঢেলে কম আঁচে রান্না করুন। প্রায় ১০ মিনিট পর ডাল সেদ্ধ হয়ে এলে ভাজা চিড়া দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। চিড়া নরম হয়ে ক্ষীর ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
এবার গুড় গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা নারকেল, কিশমিশ ও কাজু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গুড় দেওয়ার পর আর চুলায় বসাবেন না, এতে দুধ কেটে যেতে পারে। কিছুক্ষণ রেখে গরম কিংবা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করা যায়।
রেসিপির টিপস
মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হবে। চিড়া ভাজার সময় আঁচ কম রাখুন, না হলে পুড়ে তেতো হয়ে যেতে পারে। গুড় মেশানোর আগে অবশ্যই চুলা বন্ধ করে নিন। আর এই ক্ষীর তৈরিতে মোটা চিড়া ব্যবহার করলে এর স্বাদ ও গঠন দুটোই ভালো হবে। তৈরি হওয়া ক্ষীরের ওপর ভাজা বাদাম-কিসমিস ছড়িয়ে দিলেই তৈরি গরম কিংবা ঠান্ডা ঠান্ডা পরিবেশনযোগ্য চিড়া-মুগ ক্ষীর।











