রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানাল বাংলাদেশ
অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি চলমান সংকট নিরসনে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।










