যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুক হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। হামলার পর অভিযুক্ত বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে শহরের একটি সড়কে এক ব্যক্তিকে গুলি চালাতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির বাইরে দুই নারীর মরদেহ উদ্ধার করে।
ইরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ জানান, বাড়ির ভেতরেও একাধিক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকিরা পরস্পরের আত্মীয় ছিলেন।
হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশপ্রধানের ভাষ্য, ঘটনার সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিষয়টি জড়িত থাকতে পারে।
শনিবার এক সংবাদ সম্মেলনে লোরাহ জানান, তদন্তকারীরা বাড়ির বাইরের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। এতে দেখা যায়, ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। তাঁদের একজন বৈবাহিক সূত্রে পরিবারের আত্মীয় এবং অন্যজন পরিবারের পরিচিত ছিলেন।
ভিডিওতে গুলির শব্দ শোনা গেলেও তা তুলনামূলকভাবে চাপা ছিল বলে ধারণা করা হচ্ছে। ফুটেজে বন্দুকধারীকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতেও দেখা যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে সেখানে প্রবেশ করে। বাড়ির নিচতলায় পাঁচ বছর ও এক বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দোতলা ও সিঁড়িতে পাওয়া যায় ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষের মরদেহ। সেখানে অভিযুক্ত বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। নিহত নারীদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান পুলিশপ্রধান।
ঘটনাটির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে রিক লোরাহ বলেন, কিছু দৃশ্য এমন হয়, যা ঘটনাস্থল ছেড়ে আসার পরও দীর্ঘদিন মনে থেকে যায়। তাঁর মতে, এটি তেমনই একটি ঘটনা।
এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁর প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গভর্নর বলেন, এই পরিবারের জন্য তাঁর হৃদয় ভেঙে যাচ্ছে। নিহতদের স্বজন ও ইরি শহরের বাসিন্দাদের জন্য তিনি এবং তাঁর স্ত্রী প্রার্থনা করছেন বলেও উল্লেখ করেন।










