রাতেই মুক্তি পান ধ্রুব রাঠি, জানাল পুলিশ
অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার রাতেই মুক্তি দিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করে সিজেপি। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করে, সকাল ৮টার দিকে প্রায় ৫০ জন সাদাপোশাকধারী পুলিশ সদস্য তাঁর বাসায় গিয়ে তাঁকে আটক করেন।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে পুনরায় আটক করা হতে পারে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
ককরোচ জনতা পার্টি একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে পরিচিত। ধ্রুব রাঠি কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর সমর্থক এবং ভারতের ক্ষমতাসীন এনডিএ সরকারের সমালোচক হিসেবে পরিচিত।










