রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইবার অপটিক্যাল ভরসা, স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন

news-image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

গোলাম সাত্তার রনি
স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ট্রাফিক কমিউনিকেশন সিস্টেম। এই ট্রাফিক সিস্টেমের মাধ্যমে পুরো বিমানবন্দরের অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। তবে বর্তমানে এই কমিউনিকেশন সিস্টেম চালু রয়েছে ফাইবার অপটিক্যাল ক্যাবলের ইন্টারনেটের মাধ্যমে। কোনো কারণে ফাইবার অপটিক্যাল ক্যাবলের সমস্যা হলে কঠিন হয়ে পড়বে বিমানবন্দরের অপারেশন কার্যক্রম।

বিষয়টি উদ্বেগজনক জানিয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার অপটিক্যাল ক্যাবল শুধু ব্যাকআপের জন্য সংযোগ। বর্তমানে ব্যাপক সংযোগে মূল ভূমিকায় রয়েছে। এটি খুবই নাজুক। কোনো কারণে ফাইবার অপটিক্যাল ক্যাবলের সমস্যা হলে পুরো বিমানবন্দরের অপারেশন কার্যক্রমে ধস নামবে। এ কারণে স্যাটেলাইট কানেকশন দ্রুত চালু করা প্রয়োজন। বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য এ ধরনের কমিউনিকেশন সিস্টেমের ওপরই নির্ভরশীল বিমানবন্দর। এখন তারা ব্যাকআপ দিয়ে কাজ চালাচ্ছে। কিন্তু ব্যাকআপ দিয়ে কতদিন। হরহামেশা শোনা যায় ফাইবার অপটিক্যাল ক্যাবলের সমস্যার কথা। এখন সমস্যা হলে কি বিমানবন্দর বন্ধ থাকবে? তাই অতিদ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

বেবিচকের সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) এয়ার কমোডর নূর ই আলম বলেন, বাংলাদেশ স্যাটেলাইট জ্যামারের কারণে সমস্যা হয়েছে। তারা সেই সমস্যার উৎস শনাক্ত করে এখনও ঠিক করতে পারেনি। এটি তাদের সমস্যা, তারাই সমাধান করবে। এ কারণে আমাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না। সবকিছু স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশের (ক্যাব) এয়ার ট্রাফিক কমিউনিকেশনে ব্যবহৃত স্যাটেলাইট সংযোগে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় নির্ধারিত স্পেকট্রামে সমস্যা দেখা দিয়েছে। রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত বিটিআরসি সদর দপ্তর থেকে প্রকাশিত এক সরকারি স্মারকে এ তথ্য জানানো হয়। বিটিআরসির স্পেকট্রাম মনিটরিং শাখার তথ্যমতে, ক্যাবের এয়ার ট্রাফিক কমিউনিকেশনের জন্য স্থাপিত ভিস্যাট সিস্টেমে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) বিএস-১ স্যাটেলাইটের জন্য বরাদ্দকৃত ৪৫৪০-৪৫৪৬ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে অপ্রত্যাশিত সিগন্যালের কারণে ইন্টারফেয়ারেন্স বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ বিষয়ে বিএসসিএলের চিঠির প্রেক্ষিতে বিটিআরসি প্রয়োজনীয় অনুসন্ধান ও পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

স্মারকে আরও উল্লেখ করা হয়, সমস্যার উৎস শনাক্ত ও সমাধানে গত ২০ অক্টোবর বিটিআরসি এবং বিএসসিএলের যৌথ তরঙ্গ পরিবীক্ষণ দল মাঠপর্যায়ে স্পেকট্রাম মনিটরিং কার্যক্রম চালায়। এ সময় স্পেকট্রাম অ্যানালাইজারের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সিতে খুব স্বল্প সময়ের জন্য দুটি আলাদা ফ্রিকোয়েন্সির পিক শনাক্ত করা হয়। তবে ওই দুটি সিগন্যালের উপস্থিতি খুবই অল্প সময়ের জন্য হওয়ায় এবং কোনো স্থিতিশীল সিগন্যাল হিসেবে না পাওয়ায় সেগুলোর প্রকৃত উৎস নির্ণয় করা সম্ভব হয়নি। ফলে অপ্রত্যাশিত সিগন্যালের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার নির্দিষ্ট কারণ চিহ্নিত করা যায়নি।

এমন পরিস্থিতিতে বিটিআরসি সুপারিশ করেছে, ক্যাবের ব্যবহৃত বর্তমান ভিস্যাট সিস্টেমের তরঙ্গ ব্যান্ড পরিবর্তন করে ভিন্ন একটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড বরাদ্দ দেওয়া যেতে পারে, যাতে এয়ার ট্রাফিক কমিউনিকেশনে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয় এবং বিমান চলাচলসংক্রান্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ নির্বিঘ্ন রাখা যায়। প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে এ সংক্রান্ত পত্রটি গত ১০ ডিসেম্বর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে পাঠানো হয়। পত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের পরিচালক মো. নূরন্নবী।

বেবিচক চেয়ারম্যান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়), মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এবং বিটিআরসি চেয়ারম্যানের একান্ত সচিবকে বিষয়টি অবহিত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল