নতুন বছরে গতি পাবে অর্থনীতি
আবু আলী
আরেকটি বছর বিদায় নিয়েছে। আজ বৃহস্পতিবার ইংরেজি নতুন বছরের সূচনা হলো। বিদায়ী বছরে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় ছিল অনিশ্চয়তা। পাশাপাশি অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয় হতাশা। তবে এসব প্রতিকূলতা পেরিয়ে নতুন বছরে দেশের অর্থনীতি আবার গতি পাবেÑ এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। বাড়বে নতুন বিনিয়োগ, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। তিমিরে থাকা শেয়ারবাজারে দেখা মিলবে আলোর ঝলক। অনিয়মে আচ্ছন্ন ব্যাংক, বীমা ও আর্থিক খাত নতুন শক্তি ফিরে পাবে। ব্যবসাবান্ধব পরিবেশ ফিরলে চাঙ্গা হবে দেশের সামগ্রিক অর্থনীতি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিদায়ী বছরে অর্থনীতি পুনরুদ্ধারের কিছু প্রাথমিক ইঙ্গিত দেখা গেলেও কাঠামোগত সমস্যাগুলো এখনও অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহের ধীরগতি, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া এবং বিনিয়োগ স্থবিরতা অর্থনীতির গতি শ্লথ করে দেয়। তবে প্রবাসী আয়, রপ্তানি ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) ইতিবাচক অগ্রগতি অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রেখেছে। একই সঙ্গে ব্যাংক খাতে দুর্বল শাসনব্যবস্থা ও ঋণ অনিয়ম বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ছিল উদ্বেগের কারণ।
অর্থনীতিবিদদের মতে, নতুন বছরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং নির্বাচনসংশ্লিষ্ট ব্যয়ের ফলে ভোগ্যব্যয় বাড়বে। তৈরি পোশাক খাতের রপ্তানি স্থিতিশীল থাকলে এবং নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে শিল্প খাতে শ্রমিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির চাপ কমতে পারে। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা আরও শক্তিশালী হবে।
অর্থনীতিবিদরা বলেছেন, সার্বিকভাবে অর্থনীতি সচল রাখা সব সময়ই চ্যালেঞ্জিং। নতুন সরকারকে অর্থনীতির কাঠামোগত সংস্কার চতুরতার সঙ্গে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, সংস্কারের জন্য শুধু সদিচ্ছা যথেষ্ট নয়; তা বাস্তবায়নের সক্ষমতাও থাকতে হবে। অনেক সময় একশ্রেণির আমলাতন্ত্র ও ব্যবসায়ী গোষ্ঠী সংস্কারের পথে বাধা সৃষ্টি করে। তাই সরকারের সদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সরকার এলে এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলে মনে করেন তাঁরা।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, নতুন বছর দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে, শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। একদিকে সুদের হার কমবে, অন্যদিকে ভালো মানের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। বিনিয়োগকারীরা সব সময় রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেন। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা প্রত্যাশা করেন। ফলে নতুন বছরে বিনিয়োগের স্থবিরতা কেটে গিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি গতি পাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। তবে এ নিয়ে এক সময় অনিশ্চয়তা তৈরি হয়। তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তা কেটে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে। তখন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আসবে। মানুষের হাতে অর্থ থাকলেও স্থিতিশীলতার অভাবে বিনিয়োগে আগ্রহ কম ছিল। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি গতি পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৫ শতাংশ বেড়েছে। যদিও এ বৃদ্ধির বড় অংশই ঋণভিত্তিক। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যেও কিছুটা স্বস্তি এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার, যা বর্তমানে বেড়ে ৩১-৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাজারে ডলারের সরবরাহ বাড়ার পেছনে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বড় ভূমিকা রেখেছে। অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি নতুন করে অর্থ পাচার ঠেকাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।











