সমঝোতার বার্তা দিল জামায়াত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত শনিবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। তবে এই সমাবেশ থেকে সংঘাত নয়, সমঝোতার ইঙ্গিত দিয়েছে দলটি। বিএনপিকে আক্রমণ করেও কোনো কথা বলেনি। রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য দেয়নি। বরং নির্বাচনের পক্ষে কথা বলেছে দলটি। তবে পিআর পদ্ধতিতে (ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন) নির্বাচনের দাবিতে অনড় থাকবে- এমন কথাও উঠে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াতে ইসলামী তার শক্তি দেখাতে চেয়েছে এবং এ ক্ষেত্রে সফলও হয়েছে। জামায়াত মূলত ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরও কয়েকটি দলকে নিয়ে নির্বাচনি জোট করার টার্গেট করেছে জামায়াত। সব মিলিয়ে জামায়াতে ইসলামী রাজনীতিতে নতুন মেরূকরণের ইঙ্গিত দিচ্ছে।
২৪ বছরের মিত্র বিএনপিকে তারা সমাবেশে আমন্ত্রণ জানালেও দলটি যায়নি। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আমন্ত্রণ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার দিকে এবার সবার চোখ ছিল। সবাই দেখতে চাইছিল কী করে জামায়াত। বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে কোনো কথা বলে কি না, সেদিকেই সবার নজর ছিল। কিন্তু সরাসরি বিএনপিকে উদ্দেশ করে কোনো কথা বলেনি দলটি। অনেক বিশ্লেষক একে দলটির ‘রাজনৈতিক অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, এনসিপির দু-একজন নেতা বিনা কারণে উসকানিমূলক কথা বলে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন। তাদের এ আচরণকে অনেকেই ‘রাজনৈতিক অভিজ্ঞতার অভাব’ বলে মনে করছেন।
সাম্প্রতিক সময়ে পিআর ইস্যু ছাড়াও মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে জামায়াত-বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে সমাবেশে জামায়াত নেতা-কর্মীরা কোনো আস্ফালন করেননি বা বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করেননি।
এদিকে জামায়াতের অসুস্থ আমিরকে দেখতে গিয়ে একধরনের সৌজন্যতার পরিচয় দিয়েছে বিএনপি। এ জন্য জামায়াত নেতারা অত্যন্ত খুশি হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘জামায়াতে ইসলামী তার সর্বশক্তি অর্থাৎ তাদের প্রতি জনসমর্থন দেখানোর চেষ্টা করেছে। বাংলাদেশের রাজনীতিতে তাদেরও একটা নির্ধারিত ভূমিকা আছে, সেই বার্তা দিতে চেয়েছে। তবে তারা যদি পিআর সিস্টেমের জন্য দর-কষাকষি করে, তাহলে আগামী নির্বাচন পিছিয়ে যেতে পারে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।’
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, একটা নতুন মেরূকরণের দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। একদিকে বিএনপি ও তার সমমনা দলগুলো। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তার সমমনা দলগুলো। তাদের সঙ্গে যোগ দিয়েছে এনসিপি। যদিও জোটের এই বার্তা অস্পষ্ট। আরেকটা দিক হলো, জামায়াত তার শক্তি প্রদর্শন করেছে। নির্বাচনি মাঠেও যে তাদের যথেষ্ট শক্তি আছে তার প্রমাণ দিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- তারা শক্তি প্রদর্শন করেছে প্রতিপক্ষ বিএনপির প্রতি। কারণ অনেক ব্যাপারে বিএনপির সঙ্গে তাদের অনৈক্য হচ্ছে। বিশেষ করে পিআর পদ্ধতিতে। তারা চাইছে বিএনপি যেন সমঝোতায় আসে। তবে তারা তাদের বক্তব্যে শালীনতা বজায় রেখেছে।
তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা যে আর নেই এখন সেটা স্পষ্ট হয়ে গেল। এটা বাংলাদেশের সংকট উত্তরণের জন্য বড় বাধা হতে পারে। কারণ এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না হয়, তাহলে আগামী নির্বাচন ঝুলে যেতে পারে।’
সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি।’ তিনি ঘোষণা দেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি-মন্ত্রী আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না।”
জানা গেছে, পিআর পদ্ধতিতে নির্বাচন, মৌলিক সংস্কার, গণহত্যার বিচারসহ সাত দফা দাবি আয়োজিত জনসভার আগেই নেতা-কর্মীদের বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন, যাতে তারা যেন কোনো ধরনের আস্ফালন না করেন এবং কেউ কোনো হঠকারীমূলক বক্তব্য না দেন। যে কারণে জামায়াতের সমাবেশ থেকে বিএনপি বা অন্য কোনো দলের বিরুদ্ধে কঠোর এবং কোনো হঠকারী বক্তব্য আসেনি।
সমাবেশে সংস্কার ও পিআর পদ্ধতির কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘কেউ কেউ সংস্কার বলতে চান না, কেউ সভায় ভাব দেখান। এই লোকদের মতলব আছে। পিআর পদ্ধতিতে ভোটকেন্দ্র দখল হবে না, ভোট কেনা যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট সুষ্ঠু হবে। আপনারা কি নির্বাচনে জিতবেন নাকি আগামী পার্লামেন্ট দখল করবেন? আগামী নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারা জিতবে।’
সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিএনপিকে হুঁশিয়ার করে বলেছেন, ‘পিআরের দাবি না মানলে, রাজপথের আন্দোলনে আদায় করে ছাড়ব।’
জানা গেছে, জামায়াতের আগে থেকেই একটি সম্মিলিত বিরোধী দল গড়ে তোলার লক্ষ্য ছিল। যার প্রধান ফোর্স হবে ইসলামি দলগুলো। ফলে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তারা দুরত্ব অনেকটাই কমিয়ে এনেছে। এসব দল পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে জামায়াতের সুরে কথা বলছে।
জানা গেছে, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলনসহ আরও কিছু দলের নেতারা জামায়াতে ইসলামীর আমন্ত্রণে সাড়া দিয়ে সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। পিআর পদ্ধতিসহ জামায়াতের অন্য দাবির সঙ্গে এসব দল মোটামুটি একমত এবং সমাবেশেও জামায়াতের সাত দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
এদিকে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নেতা-কর্মীদের সহযোগিতায় আবারও উঠে বক্তব্য শুরু করার পর পরই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মঞ্চে বসেই তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর শুনে রাতেই হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় পরিস্থিতি আরও কিছুটা শান্ত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমিরকে দেখতে যেতে বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ বলেন, জামায়াত সমাবেশে বিএনপিকে দাওয়াত না দিলেও দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যান। এটা রাজনীতির উজ্জ্বল দিক। সব মহল বিএনপি মহাসচিবের এই ভূমিকার প্রশংসা করেছে এবং রাজনীতিতে এই সৌজন্যের মূল্য অনেক বেশি। জামায়াতকে চিন্তা করতে হবে বিএনপিকে দাওয়াত না করে যেটুকু অসৌজন্য দেখিয়েছে, সেটা না দেখানোই তাদের জন্য শ্রেয় ছিল।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেমই না। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। এটা হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র ও কৌশল হিসেবেই এসব ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে।’
তিনি বলেন, ‘জামায়াতের যেসব দাবি, সেগুলো নির্বাচনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসবে- এটা জামায়াত সহ্য করতে পারছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সময়মতোই হবে। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।’
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমরা বরাবরই নির্বাচনের ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়ে আসছি। জনসভায়ও আমরা একধরনের রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক স্বস্তির পরিবেশ বজায় রাখার কথাই বলেছি। আমাদের দল কাউকে আক্রমণাত্মক কোনো কথা বলেনি। আমরা বিএনপিসহ সব দল মিলে স্বৈরাচার আওয়ামী সরকারকে হটিয়েছি। ভবিষ্যতেও একই পথে থাকব। আশা করি ভবিষ্যতে কোনো ভুল-বোঝাবুঝি হবে না।’ সূত্র: খবরের কাগজ।










