শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর খাদ্য গুদামে গম ক্রয়ে জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি ভাবে স্থানীয় কৃষকদের কাছ থেকে গম ক্রয়ের নামে ব্রাজিলের নিম্নমানের গম ক্রয়ের ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৮ জুলাই মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী জাদিদ আল-রহমান জনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলায় প্রথমবারের মতো কৃষকদের কাছ থেকে সরাসরি গম ক্রয় কেন্দ্র খোলা হয় জুন মাসে। প্রতি কেজি ২৮ টাকা মূল্যে নির্ধারণ করা হয়। স্থানীয় উজানচর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিঞা কোনো রকম প্রচার-প্রচারণা না চালিয়ে গোপনে উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জনের কাছ থেকে ৫০ লাখ ১২ হাজার টাকা মূল্যে ১৭৯ টন গম ক্রয় করে। এই সকল গম গত কিছুদিন আগের টিআর, কাবিখা প্রকল্পে নিম্নমানের ব্রাজিলিয়ান গম নতুন বস্তায় ভরে পুনরায় গুদামজাত করা হয়েছে বলে অভিযোগে জানা গেছে। গম ক্রয়ে ৬০ জন কৃষকের নাম উল্লেখ করা হলেও এদের কারো কাছ থেকে গম কেনা হয়নি। গম সরবরাহকারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা বলেন, আমি ভাইস চেয়ারম্যান হিসেবে ঠিকাদারী করতে পারি না। তাই বলে কি গম সরবরাহের ব্যবসা করতে পারি না। অনেকের কাছে আমার ব্যবসাটা ভালো লাগে না। তাই আমার পিছনে অনেকে লেগেছে। এসব ব্রাজিলের গম না। সবই হচ্ছে আমাদের দেশের।
উজানচর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিঞা জানান, প্রথমবারের মতো সরকার আমাদেরকে গম কেনার জন্য বরাদ্দ দিয়েছে। সময় কম থাকায় মিন্টু রঞ্জন সাহা ১৭৯ টন গম সরবরাহ করেছেন। অভিযোগকারী কাজী জাদিদ আল-রহমান জনি জানান, উজানচর খাদ্য গুদাম কর্তৃপক্ষ কোনো প্রকার প্রজ্ঞাপন, নোটিশ বা মাইকিং ছাড়া ১৭৯ টন গম ক্রয় করেছে। কাগজে কলমে যেসব কৃষকের নাম উল্লেখ করেছেন তারা কখনো গম চাষই করে নাই। এসব গম হচ্ছে টিআর ও কাবিখার বিতরণকৃত নিম্নমানের ব্রাজিলিয়ান গম। শুধুমাত্র বস্তা পরিবর্তন করে নতুন ক্রয়কৃত গমে পরিণত করে গুদামে প্রবেশ করেছেন। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গম ক্রয় কমিটির সভাপতি নূর ই খাজা আলামীন জানান, উজানচর গুডাউনের কৃষকদের কাছ থেকে গম ক্রয়ে অনিয়মের লিখিত একটি অভিযোগ পেয়েছি। তবে এসব দেশি গম। বিষয়টি তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।