সফটওয়্যার ত্রুটিতে অচল এনএসএর গোপন নেটওয়ার্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। সফটওয়্যার আপডেটের ত্রুটিকে এ ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ার পর মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএর সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি সীমিত করা হয়। প্রথমে ধাপে ধাপে কর্মীদের অফিসে আসার নির্দেশ দেওয়া হলেও পরে অধিকাংশ কর্মীকে দপ্তরে না আসতে বলা হয়। বর্তমানে শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ রয়েছে।
এনএসএর ছয়টি সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, নেটওয়ার্ক পুনরায় চালুর কাজ চলছে। তবে সব ব্যবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এ বিষয়ে এনএসএ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় তাদের কয়েকটি অভ্যন্তরীণ ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দেয়। তবে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিকল্প ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন জানান, গত মাসে শনাক্ত হওয়া সফটওয়্যার দুর্বলতা দূর করতে এনএসএ একটি নিরাপত্তা প্যাচ প্রয়োগ করেছিল। কিন্তু আপডেটের পর কয়েকটি সিস্টেম প্রত্যাশা অনুযায়ী চালু না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
তার ভাষ্য অনুযায়ী, সমস্যাটি পিএইচপি প্রোগ্রামিং ভাষার কয়েকটি নিরাপত্তা ত্রুটির সঙ্গে সম্পর্কিত। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ এবং পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গবেষকেরা দুর্বলতাগুলো শনাক্ত করার পর বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত নিরাপত্তা প্যাচ প্রয়োগ শুরু করে।
এদিকে, এনএসএর নেটওয়ার্কে সমস্যা দেখা দিলেও এশিয়া সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠাতে কোনো বাধা তৈরি হয়নি বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। তাঁদের মতে, বিকল্প নিরাপদ যোগাযোগব্যবস্থা থাকায় প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক রাখা সম্ভব।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত ‘ফাইভ আইজ’ গোয়েন্দা তথ্য বিনিময় ব্যবস্থাতেও এ ঘটনার প্রভাব পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কে এমন বিপর্যয় দেশটির প্রযুক্তিগত অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
উল্লেখ্য, ২০০০ সালেও প্রযুক্তিগত ত্রুটির কারণে এনএসএর কম্পিউটার ব্যবস্থা প্রায় তিন দিন অচল হয়ে পড়েছিল। সে সময় গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণ কার্যক্রমও ব্যাহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

পোশাকশ্রমিকদের মজুরি ১৮-২৪ হাজার করার প্রস্তাব সিপিডির

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ