রংপুরে পথে পথে তল্লাশি, দুর্ভোগে যাত্রীরা
রংপুর প্রতিনিধি : রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নগরীর প্রাণকেন্দ্র কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির অনেক নেতাকর্মী আসতে শুরু করেছেন।
এদিকে দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তারমধ্যে পথে পথে যাত্রীদের পুলিশের তল্লাশিতে পড়তে হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রংপুর শহরে ঢুকতে পাটগ্রাম, লালমনিরহাটের মানুষদের কাকিনা শেখ হাসিনা সেতু হয়ে আসতে হয়। এই রুটে যারা শহরে প্রবেশ করছেন তাদের শেখ হাসিনা সেতুতে আসতেই পুলিশের তল্লাশিতে পড়তে হচ্ছে। এরপর রংপুর মেট্রেপলিটনের ৬নং ওয়ার্ডে অবস্থিত পুলিশ লাইন্সের সামনে কয়েকজন পুলিশ প্রতিটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকাশার কাগজপত্রসহ যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন।
একইভাবে রংপুর নগরীর সাতমাথা, মডার্নমোড়, টার্মিনাল এলাকা ও মেডিকেল এলাকায় যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। পুলিশের তল্লাশি থেকে বাঁচতে নানান ধরনের কৌশল অবলম্বন করছেন বিএনপির নেতাকর্মীরা।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে রৌমারী থেকে প্রথমে নৌকায় নদী পার হয়ে দুটি মাইক্রোবাসে চেপে সমাবেশস্থলে ২৭ বিএনপি নেতা-কর্মী আসছিলেন। কিন্তু চিলমারী পর্যন্ত ঠিকঠাক এলেও উলিপুরে পুলিশে বাধার মুখে পড়েন তারা। পরে তারা কুড়িগ্রামে বিয়ে বাড়িতে যাচ্ছেন বলে কৌশল করে পুলিশকে বোকা বানিয়ে সমাবেশস্থলে এসেছেন।
শুক্রবার সকাল থেকে বিভাগের কোনো জেলা থেকে রংপুরে বাস আসেনি। সেই সঙ্গে কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুড়িগ্রাম বাসস্ট্যান্ড, মেডিকেল মোড় বাস স্ট্যান্ডের সামনে থামিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূরপাল্লার বাস।
এসব বাসের চালকরা বলছেন, অধিকাংশ বাস রাতে ঢাকা থেকে ছেড়ে এসেছে। পথে পথে গাড়ি থামিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গন্তব্যে না যাওয়া পর্যন্ত তো বাস বন্ধ করার সুযোগ নেই।
রংপুর জেলা মোটর মালিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চেইন মাস্টার জানান, মালিক সমিতির নেতারা সকাল থেকে পাহারা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি।










