মাত্র ১৫ হাজার টাকার জন্য অপহরণ !
আমিরজাদা চৌধুরী : মাত্র ১৫ হাজার টাকার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের মিজানুর রহমান নামে এক ক্ষুদ্র ব্যবসায়িকে অপহরণ করে একটি চক্র। বড়াইল বাজারের মোবাইল ফোন সামগ্রী ও ফ্লেক্সিলোড ব্যবসায়ি মিজানকে অপহরণের প্রায় ৫০ ঘন্টা পর রোববার রাতে উদ্ধার করা হয়।
দুই দফায় বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠানোর পর দুর্বৃত্তরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানার কাছে মোটরবাইকসহ চোখ বেঁধে তাকে ফেলে রাখে। পরে রাত আটটার দিকে সদর থানার পুলিশ অপহৃত মিজানকে উদ্ধার করে।
এর আগে গত শনিবার মিজানের বাবা খারঘর গ্রামের মাসুদ রানা বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ গ্রামের চারজনকে অপহরনের দায়ে অভিযুক্ত করেন। মামলার আসামিরা হলেন- আলমগীর কাজী, জাহাঙ্গীর মিয়া ও আলমগীর কাজীর ভাগ্নে সিয়াম ওরফে দীপু।
মামলার এজাহারে বলা হয়, ব্যবসায়ি মিজান তার দোকানের সামগ্রী নিতে শুক্রবার দুপুরে শহরে আসেন। বিকেল অনুমান চারটার দিকে মালামাল নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে শহরের হালদারপাড়া এলাকায় কয়েকজন যুবক চোখ বেঁধে তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে যুবকরা মিজানকে পয়াগ গ্রামে নিয়ে তাদের বাড়িতে আটকে রাখে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলে মিজানকে বাড়িতে খোঁজাখুজি শুরু হয়। পরে ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেও বন্ধ থাকার কারণে মিজানের স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
এ অবস্থায় শনিবার তার নম্বরে ফোন করলে একজন ফোন ধরে পয়াগ গ্রামের সিয়াম ওরফে দীপুর সাথে যোগাযোগ করতে বলেন। এসময় ওই ব্যক্তি বলেন, তাদের দেয়া একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠালে মিজানকে ছেড়ে দেওয়া হবে। এ ঘটনার পর মিজানের স্বজনরা ওই নম্বরে তাৎক্ষণিক সাত হাজার টাকা পাঠায় ও পরে আরও আট হাজার টাকা পাঠায়।
এদিকে এসব ঘটনার বর্ণনা দিয়ে মিজানের বাবা শনিবার দুপুরে সদর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। পরে শনিবার রাতে পুলিশ পয়াগ গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীর কাজীকে গ্রেপ্তার করে। তবে এসময় অপহৃত মিজান ও অপহরণের সঙ্গে জড়িত বাকিদের সন্ধ্যান পায়নি পুলিশ। আলমগীর কাজীকে গ্রেপ্তারের পরদিন রোববার রাত আটটার দিকে দুর্বৃত্তরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানার কাছে মোটরবাইকসহ চোখ বেঁধে মিজানকে ফেলে রাখে। স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
ব্রাাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) যুবরাজ বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান, অপহৃত মিজানকেও উদ্ধার করা হয়েছে।











