সাঁওতালপল্লীতে হামলা : পুলিশকে বাদ দিয়েই ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই চার্জশিট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে সাঁওতালরা। তারা বলছে, ওই ঘটনায় মামলার প্রধান আসামি, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং পুলিশ সদস্যসহ গুরুত্বপূর্ণ আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনার সময়ের ছবি ও ভিডিওর মাধ্যমে সারা পৃথিবী দেখেছে সাঁওতালদের বাড়িঘরে পুলিশ আগুন দিয়েছে। কিন্তু পিবিআই বলছে, তাদের তদন্তে পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই চার্জশিটের মাধ্যমে সাঁওতালদের সঙ্গে পরিহাস করা হয়েছে।
সাঁওতালরা চার্জশিট প্রত্যাখ্যান করে গোবিন্দগঞ্জের মাদারপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে এবং বাগদা ফার্ম-সংলগ্ন ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করে। এ সময় অসংখ্য গাড়ি রাস্তার দুই পাশে আটকা পড়ে।
গতকাল রবিবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার। পাশাপাশি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করার মামলায় ৩৯ জন সাঁওতালকে আসামি করে একই আদালতে অন্য একটি চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু।
চার্জশিট দাখিলের পর দুপুরে পিবিআইয়ের গাইবান্ধা ইউনিট প্রধান সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলার পর গোবিন্দগঞ্জের মাহালিপাড়া গ্রামের মৃত সমেশ্বর মুরমুর ছেলে স্বপন মুরমু বাদী হয়ে ১৬ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে একই উপজেলার হরিণমারী নতুন পল্লী গ্রামের মাহলে হেমব্রমের ছেলে টমাস হেমব্রম অন্য একটি অভিযোগ দায়ের করেন। এ দুটি মামলায় নাম দিয়ে ৩৩ জন এবং অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। একই বছরে ২৬ ডিসেম্বর আদালত থেকে পিবিআইকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চাজর্শিট দাখিল করা হলো।
সংবাদ সম্মেলনের পর ‘সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র সভাপতি ফিলিমন বাসেকর সাংবাদিকদের বলেন, ‘পিবিআইয়ের দেওয়া চার্জশিটে অভিযুক্ত তিন পুলিশ সদস্যের নামও দেওয়া হয়নি। আমরা তাঁদের নাম চার্জশিটে যুক্ত করার দাবি জানাই।’ এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘তাঁদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ তদন্তে মেলেনি।’
তিনি জানান, ঘটনার রহস্য উন্মোচন, সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশিট দাখিলে কিছুটা সময় লেগেছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলাকালে অভিযুক্তদের মধ্যে ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একজন আসামির স্বীকারোক্তি মোতাবেক কয়েকটি বাড়ি থেকে পাওয়ার টিলার, শ্যালো মেশিনসহ লুটপাট হওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি একই উপজেলার সারাই গ্রামের শাহাজাহান আলীর ছেলে মিঠু মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
আবদুল হাই জানান, চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন মাহিমাগঞ্জ সুগার মিলের (জিএম-অর্থ) নাজমুল হুদা, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, ইউপি সদস্য শাহ আলম, আইয়ুব আলী ও চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল। অভিযুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হলেও তাঁরা সবাই জামিনে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ গুরুত্বপূর্ণ অনেকের নাম চার্জশিটে না থাকার কারণ জানতে চাইলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব কিছু খতিয়ে দেখেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তিনি জানান, এই মামলার তদন্তকারী অন্য কর্মকর্তারা হলেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন (বর্তমানে মৃত), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার ও গোবিন্দগঞ্জ থানার এসআই আব্দুল গফুর, ইন্সপেক্টর আল মামুন মোহাম্মদ নাজমুল আহম্মেদ।
চার্জশিটের ব্যাপারে ‘আদিবাসী বাঙালি সংহতি পরিষদ’-এর আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘অগ্নিসংযোগ ও মারপিটের ভিডিও থাকা সত্ত্বেও সাবেক এমপি কালাম ও অনেকের নাম না থাকার বিষয়টি নিয়ে আইনগতভাবে প্রশ্ন উত্থাপন করা হবে।
সাঁওতালদের ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ ও অবস্থান
চার্জশিট প্রত্যাখ্যান করে ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধকালে সাঁওতাল নেতারা বলেন, ঘটনার পর আদিবাসী সাঁওতালরা হত্যা মামলা দায়ের করলেও ঘটনার প্রায় তিন বছর পর মামলার যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার মধ্যে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। এই চার্জশিটের মাধ্যমে আদিবাসী সাঁওতালদের সঙ্গে পরিহাস করা হয়েছে।
সাঁওতালরা আগামী ৩০ জুলাই সংবাদ সম্মেলন ও ১০ আগস্ট গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। তাঁরা দাবি করেন, অবিলম্বে এই মামলার চাজশিট সংশোধন করে টমাস হেমব্রম কর্তৃক ৩৩ জনের নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে তার আলোকে চার্জশিট প্রদান করা হোক। যেসব আসামির নাম বাদ দেওয়া হয়েছে তাদের ঘটনায় জড়িত থাকার ভিডিও ফুটেজ, ছবি ও চাক্ষুস সাক্ষী রয়েছে। নেতারা বলেন, এই চার্জশিটের বিরুদ্ধে তাঁরা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসেকর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী নেতা বার্নাবাশ, প্রিসিলা মুরমু, স্বপন শেখ, সুফল হেমব্রম, হবিবুর রহমান, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম, আদিবাসী নেতা রাফায়েল হাসদা প্রমুখ।
যা ঘটেছিল
গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে উৎপাদিত আখ কাটাকে কেন্দ্র করে ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকলের শ্রমিক-কর্মচারী, বহিরাগত সন্ত্রাসী ও পুলিশের সঙ্গে স্থানীয় সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে আট পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
পরে সেখানকার আদিবাসী বসতি উচ্ছেদে নামে পুলিশ ও অন্য লোকজন। হামলা, অগ্নিসংযোগ ও মারপিট নির্যাতনের শিকার হয় সাঁওতালরা। নিহত হন শ্যামল হেমব্রম, মঙল মার্ডি ও রমেশ টুডু্। আহত হন প্রায় ২৫ জন সাঁওতাল। এমনকি সাঁওতাল শিশুদের স্কুলটি সন্ত্রাসীরা পুড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশ। বসতিহারা সাঁওতালরা খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়। ঢাকা থেকে ছুটে আসেন রাজনীতিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন। ২০১৬ সালের নভেম্বরে ঘটনার পর আল-জাজিরা টেলিভিশনে যে প্রতিবেদন প্রচারিত হয়, সেটিতে দেখা যায়, মাথায় হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ সদস্য সাঁওতালদের বাঁশ এবং ছনের তৈরি ঘরের কাছে গিয়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। সাঁওতালদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। সাঁওতালদের বসতির পাশেই দাঁড়িয়ে পুলিশকে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তেও দেখা যায়।
সাঁওতালদের দাবি, সাপমারা ইউনিয়নে সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১৮৪২.৩০ একর জমি তাদের বাপ-দাদার। তাদের অন্যায়ভাবে সেখান থেকে উচ্ছেদ করা হয়। তবে প্রশাসন ও মিল কর্তৃপক্ষ বলে, এই দাবি যৌক্তিক নয়।
সূত্র : কালের কন্ঠ










