আশুগঞ্জ নৌবন্দরে ট্যাংকার শ্রমিকদের ধর্মঘট
ডেস্ক রির্পোট : পুরনো অয়েল ট্যাংকার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে পালিত হচ্ছে তেলবাহী ট্যাংকার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে নৌবন্দরে আটকে আছে তেলবাহী ট্যাংকার।
ডিপো সূত্রে জানা যায়, আশুগঞ্জ পদ্মা অয়েল ডিপোর জেটিতে তেলবাহী ট্যাংকার ওটি করিম-৮ সাড়ে ১০ লাখ লিটার ও ওটি সাদিয়া অনিক জাহাজে সাড়ে সাত লাখ লিটার জ্বালানি তেল নিয়ে অবস্থান করছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল খালাস বন্ধ রয়েছে।
ওটি করিম-৮ এর সুপারভাইজার আইয়াজ আহমেদ, ‘আমরা দু’টি জাহাজে ১৮ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে আশুগঞ্জ পদ্মা অয়েল জেটিতে অবস্থান করছি। অবরোধের কারণে আমরা তেল খালাস করতে পারছি না।’
এ ব্যাপারে আশুগঞ্জ পদ্মা অয়েল ডিপোর উপ সহকারী সুপার আহসান জানান, আশুগঞ্জ ডিপোর তিনটি ট্যাংকে প্রায় ২২ লাখ লিটার তেল মজুদ রয়েছে এবং ডিপোর জেটিতে দু’টি ট্যাংকে প্রায় ১৮ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে অবস্থান করছে।
ধর্মঘটের কারণে আশুগঞ্জ ডিপোর অধীনে ৫ জেলায় জ্বালানি তেলের সঙ্কট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
বাংলামেইল২৪ডটকম











