১২ মাসে ৯ মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা
সদ্য বিদায় নেয়া ২০১৪ সালে নয় মাস আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ ছিল। বছরজুড়ে গ্যাস সঙ্কটে ছয় মাস ও যান্ত্রিক ত্রুটির কারণে আরও তিন মাস বন্ধ থাকে কারখানাটি।
তবে নতুন বছরের শুরুতেই শুক্রবার সকাল থেকে ইউরিয়া উৎপাদন শুরু করেছে আশুগঞ্জ সারকারখানা।
এদিকে, দীর্ঘ দিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে কারখানার নিজস্ব মজুদ। তবে আমদানিকৃত সারের পর্যাপ্ত মজুদ থাকায় সঙ্কটের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গ্যাস সরবরাহের লক্ষ্যে গত অর্থ বছরের ১৭ মার্চ থেকে আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ ছিল। সেপ্টেম্বরের শুরুতে গ্যাস সরবরাহ দেয়া হলেও প্রথম কয়েক দিন ছিল গ্যাসের চাপ, পরে বয়লার ইউনিটের সুপার হিটার পাম্প নষ্ট হওয়ায় বিভিন্ন সময়ে কমপক্ষে ২০ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকে।
সর্বশেষ ৩ নভেম্বর থেকে সিংগ্যাস কম্প্রেসারের রোটরে ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ইতালি থেকে মেরামত শেষে ৫ ডিসেম্বর সিংগ্যাস কম্প্রেসারের রোটর কারখানাটিতে সংযোজন করে কর্তৃপক্ষ।
এরপর গত ২৮ ডিসেম্বর রাত থেকে কারখানার স্টার্ট আপ শুরু হয় এবং বছরের শুরুতে শুক্রবার সকালে ইউরিয়া উৎপাদন শুরু হয়।
দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার নিজস্ব ইউরিয়া মজুদ দাঁড়িয়েছে মাত্র ৬৩৯ টন। তবে ৪৭ হাজার ৬৬৩ টন আমদানিকৃত সারের মজুদ রয়েছে। এছাড়া প্রতিদিন কারখানায় আমদানিকৃত আরও সার আসছে। ফলে আগামী মওসুমে কৃষক পর্যায়ে সারের ঘাটতি বা সার সঙ্কটের সম্ভাবনা নেই বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম জানান, যান্ত্রিক ত্রুটি শেষে শুক্রবার সকাল ৬টা থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। সবকিছু ঠিকমতো চালু থাকলে আর কোনো সমস্যা হবে না।
কারখানায় সার মজুদ সম্পর্কে মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, কারখানার নিজস্ব সার মজুদ রয়েছে ৬৩৯ টন। তাছাড়া আমদানিকৃত সারের মজুদ রয়েছে ৪৭ হাজার ৬৬৩ টন। প্রয়োজন অনুযায়ী আরও সার আমদানি করা হচ্ছে। ফলে আগামী মওসুমে সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই।











