নবীনগরে গোলাম আযমের লাশ দাফন প্রতিহতের ঘোষণা
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দাফন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করার চেষ্টা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, জাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নবীনগরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তারা এ ঘোষণা দেয়।
নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান। সমাবেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহম্মেদ খোকন বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযমের কবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেওয়া যাবে না। তার লাশ নবীনগরে মাটিতে আনার চেষ্টা করা হলে রক্তের বন্যা বয়ে যাবে। একাত্তরে এই রাজাকার দেশের মানুষের লাশ যেমন কুকুর, বিড়াল ও কাক দিয়ে খাইয়েছে, তেমনি তার লাশও কুকুর, বিড়াল ও কাক দিয়ে খাওয়ানো হবে।’
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, সামছুল ইসলাম শাহন, এস এম আলম, মো. নাছির উদ্দিন, মাহাবুব আলম লিটন, সামছুল হক দুলাল, মো. হোসেন শান্তি, প্রমুখ।
এদিকে গোলাম আযমের নিজ বাড়ি উপজেলার বীরগাঁও গ্রামেও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে।











